যুক্তরাষ্ট্র পরমাণু হুমকি বন্ধ না করলে একতরফাভাবে পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধ করা হবে না বলে জানিয়েছে উত্তর কোরিয়া। গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সিতে (কেসিএনএ) প্রকাশিত এক বিবৃতিতে এ অবস্থান জানানো হয়।
এপির খবরে বলা হয়, পরমাণু নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করা নিয়ে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার দরকষাকষিতে অচলাবস্থার মধ্যেই বিবৃতিটি এল। এর মধ্য দিয়ে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিং জং-উন আদৌ তার পারমাণবিক অস্ত্র কর্মসূচি পরিত্যাগ করবেন কি না, তা নিয়ে সংশয় দেখা দিল।
চলতি বছরের ১২ জুন সিঙ্গাপুরে বৈঠকে বসেন উত্তর কোরিয়ার নেতা কিম ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনায় তারা কোরীয় উপদ্বীপের ‘সম্পূর্ণ পারমাণু নিরস্ত্রীকরণ’ লক্ষ্য ঠিক করলেও কখন ও কীভাবে সেটি হবে, তার উল্লেখ করেননি।
উত্তর কোরিয়া দীর্ঘ সময় ধরে প্রতিবেশী দক্ষিণ কোরিয়া ও জাপান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান জানাচ্ছে। অন্যথায় পরমাণু অস্ত্র কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা বলছে দেশটি। বৃহস্পতিবারের বিবৃতিতে পরমাণু বিষয়ে দেশটি আগের অবস্থান পুনর্ব্যক্ত করে। উত্তর কোরিয়ার অভিযোগ, সিঙ্গাপুরে হওয়া সমঝোতাকে ভিন্ন খাতে প্রবাহিত করছে ওয়াশিংটন।
বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রকে অবশ্যই কোরীয় উপদ্বীপের পরমাণু নিরস্ত্রীকরণের প্রকৃত অর্থ উপলব্ধি করতে হবে; বিশেষত আঞ্চলিক পাঠ সঠিক উপায়ে করতে হবে।’
