ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক’ তথ্য দিয়ে গুজব ছড়ানোর অভিযোগে তিনজনকে আটক করেছে র্যাব।
শুক্রবার ভোরে রাজধানীর শ্যামলী থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে আগে থেকে রাজধানীর যাত্রাবাড়ী, পল্টন ও মিরপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
আটকরা হলেন— নোয়াখালীর চাটখিল উপজেলার পাইকপাড়া এলাকার ওয়াহেদুন নবী (৪৭), চুয়াডাঙ্গা সদরের কোটাপাড়া এলাকার আরাফাত হাকিম ওরফে তারুণ্য তামাদি (৩৮) এবং মিরপুরের দক্ষিণ পীরেরবাগ এলাকার মৃত রুস্তম আলীর ছেলে মোহাম্মদ জাবিদ (৪৫)।
র্যাব-২ এর কর্মকর্তা মহিউদ্দিন ফারুকী বলেনে, ‘আটক তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’
গুজবের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
