পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস। সিরিয়া থেকে সেনা প্রত্যাহারে প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া নির্দেশের একদিন পর গতকাল বৃহস্পতিবার তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।
প্রেসিডেন্টকে লেখা চিঠিতে ম্যাটিস বলেন, ‘মিত্রদের মর্যাদার সঙ্গে দেখা ও কৌশলগত প্রতিযোগীদের প্রতি আমার স্বচ্ছ দৃষ্টিভঙ্গি রাখা ছিল আমার দর্শন। আপনার দৃষ্টিভঙ্গির সঙ্গে মেলে এমন প্রতিরক্ষামন্ত্রী বাছাইয়ের অধিকার আপনার রয়েছে। আমি বিশ্বাস করি এটাই সঠিক সময় আমার পদ থেকে সরে দাঁড়ানোর।’
ট্রাম্পের প্রতি লেখা ম্যাটিসের চিঠি পেন্টাগন প্রকাশের পর প্রেসিডেন্ট এক টুইটবার্তায় বলেন, আগামী ফেব্রুয়ারির শেষের দিকে প্রতিরক্ষামন্ত্রী সম্মানের সঙ্গে অবসরে যাবেন। ট্রাম্প আরো বলেন, ‘জেনারেল ম্যাটিস মিত্র পেতে এবং অন্যান্য দেশকে তাদের সেনা সহায়তার অংশীদারিত্ব পাইয়ে দিতে আমাকে অনেক সাহায্য করেছেন। খুব জলদিই নতুন প্রতিরক্ষামন্ত্রীর নাম প্রকাশ করা হবে। জিমকে তার সেবার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।’ সূত্র : এএফপি
