অধিকার বঞ্চিত করায় বাংলাদেশের জন্ম: ইমরান

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ১০:০৩ পিএম

পূর্ব পাকিস্তানের মানুষকে অধিকারবঞ্চিত করায় বাংলাদেশের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

শনিবার পাঞ্জাবে তার তেহরিক-ই-ইনসাফ সরকারের ১০০ দিনের অর্জন নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এক বক্তৃতায় এমনটা বলেছেন তিনি।

দেশটির সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানায়, সংখ্যালঘুদের সমান মর্যাদা, নাগরিক অধিকার নিশ্চিত সেইসঙ্গে দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলেন ইমরান খান।

তিনি বলেন, “ধর্মীয় সংখ্যালঘুদের সমান মর্যাদা দেয়া জাতির পিতা কায়েদে আযম মোহাম্মদ আলী জিন্নাহরই স্বপ্ন। তার এ স্বপ্ন বাস্তবায়ন করে পাকিস্তান ভারতকে দেখিয়ে দিবে সংখ্যালঘুদের সঙ্গে কীভাবে আচরণ করতে হবে।”

পাক প্রধানমন্ত্রী বলেন, “আমরা ধর্মীয় সংখ্যালঘুদের সহযোগিতায় এবং তাদের রক্ষায় এগিয়ে আসব। তাদের অধিকার প্রতিষ্ঠাকে কায়েদে আযম গুরুত্ব দিয়ে গেছেন।”

image

তিনি আরও বলেন, “পিছিয়ে পড়া মানুষ তখনই বিদ্রোহ করে যখন তারা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়। পূর্ব পাকিস্তানের মানুষদের তাদের প্রাপ্য অধিকার দেয়া হয়নি। বাংলাদেশের সৃষ্টির এটাই প্রধান কারণ।”

ইমরানের বক্তৃতায় বড় অংশজুড়ে ছিল দুর্নীতির বিরুদ্ধে তার সরকারের প্রতিশ্রুতি। তিনি দুর্নীতিকে রাষ্ট্রের 'নিরাপত্তার হুমকি' হিসেবেই মন্তব্য করেন। তার সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান থেকে কখনো পিছপা হবে না।    

তিনি বলেন, “দুর্নীতি দমন নিশ্চিত না করলে দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান দেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ।” 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত