পিরোজপুরের তিন আসন

মাঠে শুধু মহাজোট নামেনি ঐক্যফ্রন্ট

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ০১:৫১ এএম

আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পিরোজপুরের তিন আসনে জোর প্রচার চালাচ্ছেন মহাজোটের প্রার্থীরা। দেখা নেই ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থীদের। কৃষিপ্রধান জেলা পিরোজপুরে বিভিন্ন দল থেকে লড়ছেন ১৮ জন প্রার্থী। জেলায় মোট ভোটার সংখ্যা আট লাখ ৩০ হাজার।

পিরোজপুর-১ (সদর-নাজিরপুর-স্বরূপকাঠি) আসনে নৌকার প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শ ম রেজাউল করিম। ঐক্যফ্রন্টের প্রার্থী যুদ্ধাপরাধে দণ্ডিত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদী। এলাকায় সর্বত্র নৌকার প্রচার থাকলেও মাঠে নেই ধানের শীষের প্রার্থী শামীম। তার কোনো পোস্টারও কোথাও চেখে পড়ে না। এখানে শামীমের সঙ্গে ভোটের লড়াই হবে নৌকার রেজাউল করিমের। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিপিবির ডা. তপন বসু, ইসলামী আন্দোলনের মাসুম বিল্লাহ ও এনপিপির মেহেদী হাসান রনি।

পিরোজপুর-২ (ভা-ারিয়া-কাউখালী-ইন্দুরকানী) আসনে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। এই আসন স্থানীয় ভাষায় ‘মঞ্জু ভাইয়ের আসন’ হিসেবে পরিচিত। একাধিকবারের মন্ত্রী ও ছয়বারের এ সংসদ সদস্য এবারও বিজয়ী হবেন বলে মনে করা হচ্ছে। এখানে ঐক্যফ্রন্ট থেকে ধানের শীষের প্রার্থী লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। আরো নির্বাচন করছেন ইসলামী আন্দোলনের আবুল কালাম আজাদ, সিপিবির মো. আব্দুল হামিদ ও বিএনএফের রেজাউল করিম গাজী।

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া উপজেলা) নির্বাচনী এলাকায় মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির কেন্দ্রীয় সহসভাপতি ডা. রুস্তম আলী ফরাজী আর ঐক্যফ্রন্টের মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন দুলাল। মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে স্বতন্ত্র নির্বাচন করতে মাঠে নেমেছিলেন আওয়ামী লীগের আশরাফুর রহমান। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় মহাজোটের প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়িয়েছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত