গাজীপুরে শ্রমিক বিক্ষোভ আহত ১০

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ০১:৫২ এএম

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে বিক্ষোভ করেছেন পোশাক তৈরি কারখানার শ্রমিকরা। গতকাল রোববার সকালে সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় এনএ জেড কম্পোজিট কারখানার শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পুলিশ লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে ১০ শ্রমিক আহত হয়।

আন্দোলনকারী এক শ্রমিক জানান, সরকার ঘোষিত হারে বেতনভাতা দেওয়ার দাবিতে কিছুদিন ধরে আন্দোলন করে আসছেন তারা। কারখানা কর্র্তৃপক্ষ দাবি না মেনে আগের হারেই বেতন দিয়ে আসছিল। এ নিয়ে শ্রমিকদের মাঝে অসন্তোষ ও ক্ষোভ দেখা দেয়। একই দাবিতে গতকাল সকালেও শ্রমিকরা কর্মবিরতি করে কারখানার সামনে বিক্ষোভ শুরু করে। তারা কারখানা থেকে বেরিয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। গাজীপুর শিল্প পুলিশের ওসি হাবিবুর রহমান জানান, বিক্ষুব্ধ শ্রমিকরা দুটি মোটরসাইকেল ও একটি কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগ এবং লেগুনা ভাঙচুর করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত