যুদ্ধবিরতির ঘোষণা দিলেও সিরিয়া সীমান্ত থেকে সরেনি তুরস্কের সেনারা। উল্টো সেখানে নিজেদের শক্তিমত্তা আরো বাড়াচ্ছে বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা দেমিরোরেন (ডিএইচএ)।
গতকাল রোববার বার্তা সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে বড় বড় পিকআপ, ট্রাক ও সাঁজোয়া যানসহ প্রায় একশটি গাড়ি সীমান্ত এলাকার পথে রওনা হয়েছে। গত বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিলে আঙ্কারা কুর্দি ওয়াইপিজি গেরিলাদের বিরুদ্ধে আগে থেকে ঘোষিত একটি অভিযান স্থগিত করার ইঙ্গিত দিয়েছিল।
উত্তর সিরিয়ায় কুর্দি আধিপত্য নিয়ে তুরস্ক দীর্ঘদিন ধরেই তাদের অস্বস্তির কথা জানিয়ে আসছিল। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সঙ্গে ওয়াইপিজির ঘনিষ্ঠ যোগাযোগ আছে বলেও সন্দেহ তাদের। গত শতকের ৮০-এর দশক থেকে স্বাধীন কুর্দিস্তানের দাবিতে লড়াই করে যাওয়া পিকেকে-কে আঙ্কারা ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবেই দেখে।
ডিএইচএ জানিয়েছে, তুর্কি সামরিক বাহিনীর গাড়িবহরটি দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হাতয়ের কিলিস জেলার দিকে যাচ্ছে। বহরটিতে ট্যাঙ্ক, ছোট কামান, মেশিনগানের পাশাপাশি বাসভর্তি কমান্ডো সদস্যরাও রয়েছে। এ বহরের কিছু অংশ সীমান্তের টহল চৌকিগুলোর সঙ্গে যোগ দেবে; বাকিটা এলবেইলি জেলা দিয়ে সিরিয়ায় ঢুকে যাবে। সিরিয়ার কুর্দি অধ্যুষিত মানবিজ শহর থেকে এলবেইলির দূরত্ব মাত্র ৪৫ কিলোমিটার। মানবিজকে ঘিরেই ওয়াশিংটন ও আঙ্কারার মধ্যে বিরোধ রয়েছে। নেটোভুক্ত দেশ দুটি চলতি বছরের জুনে উত্তর সিরিয়ার এ শহর থেকে ওয়াইপিজে গেরিলাদের দূরে রাখার ব্যাপারে একমত হয়েছিল। সেই সমঝোতা অনুযায়ী কুর্দিদের সরিয়ে নিতে মার্কিনিরা দেরি করছে বলে আঙ্কারা গত কয়েক মাস ধরেই অভিযোগ জানিয়ে যাচ্ছে।
×
