নির্বাচনের আর তিন দিন বাকি। বরিশালে দিন-রাত প্রচারে ব্যস্ত প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা। গতকাল মঙ্গলবার দুপুরে নগরের ফরেস্টার বাড়ি এলাকায় গণসংযোগ চালানোর সময় প্রচারপত্র বিলি করেন বরিশাল-৫ (সদর) আসনের আওয়ামী লীগ প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। এ সময় তিনি বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল। বিএনপিকে ভোট দিলে বাংলাদেশ সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হবে। তাই বিএনপিকে ভোট না দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ৩০ ডিসেম্বর সারা দিন নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
এদিকে গতকাল দুপুর সাড়ে ১২টায় নগরীর বিসিক শিল্প এলাকায় গণসংযোগ করেন বরিশাল-৫ আসনের বিএনপি প্রার্থী মজিবর রহমান সরোয়ার। তিনি বরিশালের উন্নয়ন, ‘অবরুদ্ধ গণতন্ত্র’ ও বেগম জিয়ার মুক্তি, আইনের শাসন কায়েম, ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ৩০ ডিসেম্বর ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় সরোয়ার অভিযোগ করে বলেন, ‘গত কয়েক দিনে বরিশালে বিএনপির ৭০ জনের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মনে হয়েছিল সেনাবাহিনী মোতায়েন হলে গণগ্রেপ্তার বন্ধ হবে। কিন্তু সেনাবাহিনী মোতায়েনের পর গতকালও ১০ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। কোনোভাবেই গণগ্রেপ্তার বন্ধ হচ্ছে না। ক্ষমতাসীনরা বিএনপির একাধিক নির্বাচনী কার্যালয় ও প্রচার মাইক ভাঙচুর করেছে। তিনি গণগ্রেপ্তার এবং নির্যাতন বন্ধ করে সবাইকে ভোটের মাঠে থাকার সুযোগ সৃষ্টির জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।
বরিশাল-৬ আসনের (বাকেরগঞ্জ) বাকেরগঞ্জ উপজেলার কামারখালী হাই স্কুল মাঠে গতকাল দুপুরে উঠান বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ সহকারী এ বি এম রুহুল আমীন হাওলাদার বিগত দিনের ভুলভ্রান্তি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে ৩০ ডিসেম্বর তার সহধর্মিনী নাসরিন জাহান রতœা আমীনকে লাঙ্গল মার্কায় ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান।
