শান্তিপূর্ণ পরিবেশ চায় নতুন ভোটাররা

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ০১:১৯ এএম

কেবল বক্তব্যে নয়, কথা ও কাজের মিল রাখতে পারবেন, এমন প্রার্থীকেই পঞ্চগড়ের তরুণ ভোটাররা বেছে নেওয়ার কথা জানিয়েছেন। তবে সেজন্য শান্তিপূর্ণ পরিবেশে নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার নিশ্চয়তা চান তারা। জেলায় নতুন ভোটারের সংখ্যা ৯৮ হাজার ৬৫০ জন। তাদের সিদ্ধান্তের ওপর প্রার্থীদের জয়-পরাজয়ের অনেকাংশই নির্ভর করছে।

জেলার দুটি আসনের মধ্যে পঞ্চগড়-১ আসনে মোট ভোটার ৩ লাখ ৭৯ হাজার ২০৩ জন। নতুন ভোটারের সংখ্যা ৫০ হাজার ২৮৮ জন। পঞ্চগড়-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৪ হাজার ৪৪৫ জন। নতুন ভোটার ৪৮ হাজার ৩৬২ জন। নতুন ভোটার হওয়ায় তারা যেমন আনন্দিত, তেমনি আগামীতে ভোটাধিকার প্রয়োগে তাদের অধিকাংশের পছন্দের শীর্ষে থাকছেন ওইসব প্রার্থী যারা সৎ, বন্ধুবৎসল ও প্রকৃতপক্ষে জনদরদি।

জেলা শহরের মসজিদপাড়া এলাকার শারমিন নাহার (২২) এবার নতুন ভোটার হয়েছেন। জীবনে প্রথম ভোটার হিসেবে এবার কেমন প্রার্থীকে ভোট দেবেন জানতে চাইলে তিনি বলেন, ‘ভোটার হওয়ার পর টেনশন বেড়ে গেছে, যোগ্য প্রার্থী খুঁজে পাচ্ছি না। তাই এবার প্রার্থী নির্বাচনে তুলনামূলকভাবে সৎ, যোগ্য ও এলাকার উন্নয়নে মানসিকতা সম্পন্ন প্রার্থীকে ভোট দেব।’ ভোটের দিন শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার নিশ্চয়তা চান তিনি।

পঞ্চগড় রেলস্টেশন এলাকার কারমাইকেল কলেজের তৃতীয় ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবু বক্কর সিদ্দিক এবং মাহমুদ হোসেন জানান, ‘নতুন ভোটার হওয়ায় ভালো লাগছে। নির্বাচনে যোগ্য এবং সাধারণ মানুষের কল্যাণের বিষয়গুলো যিনি অনুধাবন করে প্রয়োজনীয় উদ্যোগ নিতে পারবেন, যার সঙ্গে যোগাযোগ সহজ হবে, সুখ-দুঃখের কথা শুনবেন, এমন প্রার্থীকে ভোট দেব।’ তবে এমন প্রার্থী পাওয়া না গেলে গতানুগতিক মন্দের ভালো যিনি তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান তারা।

নতুন ভোটার মকবুলার রহমান সরকারি কলেজের ছাত্রী রুবাইয়া ফেরদৌস রূপম নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এমনটা আশা করে বলেন, ক্ষমতার জন্য রক্তপাত, মারামারি, কাটাকাটি দেখতে চাই না। তেঁতুলিয়া উপজেলার লালগছ গ্রামের জিয়াউর রহমান (১৯) জানান, বক্তৃতা ও পোস্টার দেখে নয়, সৎ ও যোগ্য প্রার্থীকে তিনি ভোট দেবেন। চরকডাঙ্গী এলাকার জাহাঙ্গীর আলম (২০) নিরাপদে ভোট দেওয়ার জন্য শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত