মাগুরা-১ আসনে আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থী সাইফুজ্জামান শিখরের জন্য ভোট চেয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম। গতকাল মঙ্গলবার শিখরের বাবা, সাবেক সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট আছাদুজ্জামানের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
মাগুরা শহরে শিখরের বাসায় গাজীপুরের মেয়র বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নকে অব্যাহত রাখতে এবারের নির্বাচনে মাগুরার মানুষের জনপ্রিয় নেতা, সৎ রাজনীতিবিদ, মরহুম আছাদুজ্জামানের ছেলে মাগুরা-১ আসনে অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর যোগ্য প্রার্থী। এরই মধ্যে মাগুরাবাসী বিভিন্ন উন্নয়নের সুফল পেয়েছে। সাইফুজ্জামান শিখর অত্যন্ত সদালাপী, বিনয়ী ও মিষ্টভাষী মানুষ। যেকোনো কাজের জন্য তার কাছে গেলে তিনি কাউকে না ফিরিয়ে হাসিমুখে কাজ করে দেন।’
জাহাঙ্গীর আরো বলেন, ‘প্রধানমন্ত্রীর স্নেহভাজন সাইফুজ্জামান শিখর নির্বাচিত হলে মাগুরায় ব্যাপক উন্নয়ন হবে। তাকে নিয়ে মাগুরায় যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, এতেই প্রতীমান হয়, তিনি এত অল্প বয়সে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন।’
