সাংবাদিক জামাল খাশোগি হত্যার পর আন্তর্জাতিক চাপের মধ্যেই সৌদি আরবের মন্ত্রিসভায় রদবদল হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়েরকে পদাবনতি দিয়ে একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে।
আলজাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার জুবায়েরের পরিবর্তে সাবেক অর্থমন্ত্রী ইব্রাহিম আল-আসাফকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে হত্যাকাণ্ডের শিকার হন ওয়াশিংটন পোস্টের কলামনিস্ট খাশোগি। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কড়া সমালোচক হিসেবে পরিচিত ছিলেন তিনি।
ওই হত্যাকাণ্ডের পর সৌদি প্রশাসনে এই প্রথম বড় ধরনের রদবদল হলো।
বিয়ে সংক্রান্ত কাজে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ হন খাশোগি। শুরুতে তার নিখোঁজের অভিযোগ অস্বীকার করে সৌদি।
তবে সংবাদমাধ্যমে তুর্কি গোয়েন্দাদের একের পর এক ‘তথ্য ফাঁসের’ মুখে ১৯ অক্টোবর খাশোগি হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে স্বীকার করে সৌদি কর্তৃপক্ষ। যদিও এর সঙ্গে সৌদি যুবরাজের কোনো সম্পৃক্ততা নেই বলে তারা দাবি করে।
খাশোগি হত্যার জেরেই এই রদবদল এটি অবশ্য স্বীকার করছে না সৌদি আরব। সৌদি সেন্টারের প্রধান নীতি বিশ্লেষক মারওয়ান কাবালান বলছেন, ‘কিছু সময়ের জন্য জুবায়েরের সরে যাওয়াটা আমরা আশা করছিলাম। এমনকি সেটি খাশোগি হত্যাকাণ্ডের আগেও। কিন্তু আমি মনে করি এই ইস্যুতে তিনি বলির পাঠা হয়েছেন।”
গুরুত্বপূর্ণ অন্য পরিবর্তনের ভেতর রয়েছে যুবরাজ আবদুল্লাহ বিন বন্দর ইবনে আব্দুল আজিজের নাম। যুবরাজ মিতব ইবনে আবদুল্লাহকে সরিয়ে ন্যাশনাল গার্ডের প্রধান করা হয়েছে তাকে।
