জেলার শাহজাদপুরে উপজেলায় বাঘাবাড়ী নৌবন্দরে কাঠের পাটাতন ভেঙে ১০ শ্রমিক আহত হয়েছেন। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর। উত্তরাঞ্চলের প্রধান নৌবন্দরে গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, সকাল থেকে বন্দরের পূর্ব পাশে নোঙর করা এমভি রওনাক-১ জাহাজ থেকে শ্রমিকরা ইউরিয়া সারের বস্তা নামাচ্ছিলেন। হঠাৎ বিকট শব্দে জাহাজ থেকে নামা-ওঠায় ব্যবহৃত কাঠের পাটাতনটি ভেঙে ১০-১৫ জন শ্রমিক নদীতে পড়ে যান। এতে ১০ জন আহত হন। তাদের মধ্যে রতনকান্দি গ্রামের লাল প্রামাণিকের ছেলে শফিকুল ইসলাম (৩৫) ও জিগারবাড়িয়া গ্রামের খোরশেদ আলমের ছেলে বিপুলের (২২) অবস্থা গুরুতর।
নৌবন্দরের শ্রমিকনেতা রওশন আলী জানান, জাহাজ থেকে মাল খালাসে চাহিদা অনুযায়ী পন্টুনের অভাবে বাঁশ ও কাঠের তৈরি পাটাতন ও মাচা ব্যবহার করে শ্রমিকদের লোড-আনলোড করতে হয়। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। দ্রুত পর্যাপ্ত পন্টুনের ব্যবস্থা করার দাবি জানান তিনি।
