রেলের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ফের দখল

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ০২:০১ এএম

গাজীপুর শহরের জয়দেবপুর রেল জংশনের ভেতরে ও আশপাশের রেলের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের পর আবার অবৈধ দখলদারদের কবলে চলে যাচ্ছে। ফলে ভেস্তে যাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের প্রতি বারের উচ্ছেদ অভিযান।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রভাবশালীদের ছত্রছায়ায় অবৈধ দখলদাররা দীর্ঘদিন ধরে জয়দেবপুরে রেলওয়ের জমিতে স্থাপনা নির্মাণ করে ফলমূলসহ বিভিন্ন পণ্যের পসরা ও নানা ধরনের দোকান বসিয়ে ব্যবসা চালাচ্ছে। নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে সম্প্রতি রেলওয়ের বিভাগ জয়দেবপুর জংশনের আশপাশে কলাপট্টিসহ পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়। ৪-৫ দিন যেতে না যেতেই দখলকারীরা আবার সে সব জমিতে পুনরায় দোকানপাট বসিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে। ফলে উচ্ছেদ অভিযান অন্যবারের মতো এবারও ভেস্তে গেছে।

জয়দেবপুর শহরের বাসিন্দা আলী হোসেন জানান, বিভিন্ন সময়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় রাতারাতি সেগুলো আবার বেদখল হয়ে যায়।  

গাজীপুর রেল জংশনের স্টেশন মাস্টার শাহজাহান জানান, মাঝেমধ্যেই অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান চলানো হয়। কিন্তু অভিযান তেমন সুফল বয়ে আনে না। কারণ উচ্ছেদ অভিযানের কয়েক দিনের মধ্যেই রেলওয়ের এসব জায়গা আবার অবৈধ দখলদারদের কবলে চলে যায়।

এ ব্যাপারে গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, রেলের জমির ওপর অবৈধ স্থাপনা নির্মাণ কোনোক্রমেই বরদাশত করা হবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত