পরকীয়ায় সাড়া না দেয়ায় বসতঘর পুড়িয়ে দেয়া হলো

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ০৭:৩৪ পিএম

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়নে এক প্রবাসীর স্ত্রী পরকীয়ায় সাড়া না দেওয়ায় তার বসতঘর আগুনে পুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে ঘরের আসবাবপত্রসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

ইউনিয়নের নয়াকান্দি গ্রামের দুবাই প্রবাসী অদুদ মিয়ার স্ত্রী শারমিন আক্তারের ঘরে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এই আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় পাশের ঘরের বিল্লালকে দায়ী করেছেন শারমিন। তবে, শুক্রবার ঘটনার তদন্তে পুলিশ আসার পর বিল্লাল ও তার ঘরের লোকজন তালা দিয়ে পালিয়ে যায় বলে প্রতিবেশীরা জানিয়েছেন।

ভুক্তভোগীর অভিযোগ, শারমিন আক্তার ৬ বছরের ছেলেকে নিয়ে একাই থাকতেন। পাশের ঘরের বিল্লাল তাকে পরকীয়ার প্রস্তাব দিয়ে বিরক্ত করে আসছিল। মৌখিকভাবে ছাড়াও শারমিনকে নিয়মিত মোবাইল ফোনেও বিরক্ত করা হতো। লোকলজ্জার ভয়ে ঘটনাটি কাউকে বলতে না পারায় এবং বিল্লালের হুমকিতে বেশিরভাগ সময় বাবার বাড়িতেই থাকত শারমিন। শারমিনের বসতঘরে বিল্লাল দুই বার চুরিও করে। সর্বশেষ, ছেলেকে অপহরণসহ আরও অনেক বড় ক্ষতি করার হুমকি দেয় বিল্লাল। অবশেষে, বাবার বাড়িতে অবস্থানকালে গতকাল গভীর রাতে মালামালসহ শারমিনের পুরো বসতঘরটি পুড়িয়ে দেয় বিল্লাল। শুক্রবার শ্বশুরবাড়ি থেকে ফোনে খবর পেয়ে শারমিন আক্তার সন্তানসহ ছুটে আসেন।

শুক্রবার বিকেলে দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক মোঃ রাকিবুল হাসান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুড়ে যাওয়া ঘরে সিঁধ কাটা দেখেছি। তদন্ত চলছে এর বেশি বলা যাবে না। এছাড়া, বিল্লালের বাড়িতে গেলে তার ঘরটি তালাবদ্ধ দেখা যায়। প্রতিবেশীরা জানান, পুলিশ দেখে বিল্লাল ও তার ঘরের লোকজন তালা দিয়ে পালিয়ে যায়। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত