ভাগ্য উন্নয়নে প্রতিবন্ধী সুমনের একতা সংগঠন

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ০১:৪৮ এএম

দৃষ্টিপ্রতিবন্ধী সুমন পারভেজ ‘একতায় উন্নয়ন হয়, সবাই মিলে করব জয়’ স্লোগানে ২০১৪ সালে গড়ে তোলেন ‘একতা উন্নয়ন সংগঠন’ নামক একটি সংগঠন। এটি প্রতিষ্ঠার পর থেকে সমাজের পিছিয়ে থাকা প্রতিবন্ধীদের ভাগ্য উন্নয়নের পাশাপাশি সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছে সংগঠনটি। কাজের স্বীকৃতিস্বরূপ ২০১৮ সালে পেয়েছে ‘জয় বাংলা ইয়ুথ’ অ্যাওয়ার্ড।

জানা যায়, প্রতিবন্ধীদের দ্বারা পরিচালিত অলাভজনক স্বেচ্ছাসেবী এই সংগঠনটি ৩০ জন প্রতিবন্ধী ছেলেমেয়েকে নিয়ে যাত্রা শুরু করে। সংগঠনটির উদ্দেশ্য সমাজের পিছিয়ে পড়া প্রতিবন্ধী জনগোষ্ঠীদের প্রতিষ্ঠা করার পাশাপাশি দেশের উন্নয়ন। পথ চলার কয়েক বছরে গ্রহণ করেছে নানা উদ্যোগ। এর মধ্যে অন্যতম বৃক্ষরোপণ কর্মসূচি, ছাগল পালন, বিভিন্ন প্রতিষ্ঠানে যোগাযোগের মাধ্যমে প্রতিবন্ধীদের চাকরির সুযোগ প্রদান, স্বল্পমূল্যে কম্পিউটার প্রশিক্ষণ, ভার্মি কম্পোস্ট উৎপাদনে প্রশিক্ষণ, গবাদি পশু পালন ও শাকসবজি উৎপাদন। এ ছাড়া শতাধিক বাক-শ্রবণ ও দৃষ্টিপ্রতিবন্ধী শিশুরা লেখাপড়া করছে। বর্তমানে তাদের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী অনেকে।

পরাগ হোসেন একজন শারীরিক প্রতিবন্ধী। একতা উন্নয়ন সংগঠনের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে তিনি এখন সবজি চাষ করছেন। পরাগ দেশ রূপান্তরকে বলেন, ‘একতার মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে আমি সবজি চাষ করছি। সবজি বিক্রি থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা তারা করছে।’ সদর উপজেলার আড়–য়াকান্দি গ্রামের সোহান বলেন, ‘একতা উন্নয়ন সংগঠন আমাকে প্রশিক্ষণ দিয়েছে। তাদের কাছ থেকে ঋণ নিয়ে আমি গরু পালন করছি। লেখাপড়ার পাশাপাশি গরু পালন করে সংসারে আর্থিকভাবে সহযোগিতা করতে পারছি।’ প্রতিষ্ঠাতা সুমন পারভেজ দেশ রূপান্তরকে বলেন, ‘প্রতিবন্ধীদের শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান ও বাসস্থান নিশ্চিত করায়ই আমাদের মূল উদ্দেশ্য, যা অর্জনে সংগঠনটি ঝিনাইদহে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। এক দিন আমরা সারা দেশের প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করব।’ গত পাঁচ বছরে সংগঠনটির সদস্য ও সুবিধাভোগীর সংখ্যা ৪০০ জনে দাঁড়িয়েছে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত