এক হাজার আসনের মিলনায়তন হচ্ছে চট্টগ্রামে

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ০৯:৪৫ পিএম

সংস্কৃতিচর্চাকে এগিয়ে নিতে চট্টগ্রামের পটিয়ায় নির্মিত হচ্ছে এক হাজার আসনের একটি মিলনায়তন। নান্দনিক স্থাপত্যশৈলীতে প্রায় ২৫ হাজার বর্গফুটের তিনতলা এই মিলনায়তনে থাকবে সেন্ট্রাল ও অ্যাকুয়াস্টিক সাউন্ড সিস্টেম, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ও সোলার গ্যালারিসহ আধুনিক সব সুযোগ-সুবিধা। ২০ কোটি টাকার এ প্রকল্পটি বাস্তবায়ন করছে চট্টগ্রাম জেলা পরিষদ।

চট্টগ্রাম জেলা পরিষদের জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী আনিসুর রহমান দেশ রূপান্তরকে জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ২০১৮ সালের ৫ মে এ প্রকল্পটি অনুমোদন দেয়। পরে চট্টগ্রাম জেলা পরিষদ ই-টেন্ডারিংয়ের মাধ্যমে দরপত্র আহ্বান করে। এরই আলোকে গত বছরের ২০ সেপ্টেম্বর দেশ উন্নয়ন লিমিটেড ও কনসুন্সেস ইঞ্জিনিয়ার্স অ্যান্ড বিল্ডার্স নামে দুটি প্রতিষ্ঠান জয়েন্ট ভেঞ্চারে প্রকল্পটির কার্যাদেশ পায়। প্রকল্পটি বাস্তবায়নে জেলা পরিষদের সঙ্গে গত বছরের অক্টোবরে চুক্তি হয়। এর ব্যয় ধরা হয়েছে ২০ কোটি ১২ লাখ  ৬১ হাজার টাকা।

আনিসুর রহমান আরও জানান, পটিয়া উপজেলা পরিষদের পাশে ৮৭ শতক জায়গার ওপর মিলনায়তনের নির্মাণকাজ শুরু হয়েছে। বর্তমানে চলছে পাইলিংয়ের কাজ। ২০২০ সালের প্রথম দিকে প্রকল্পের নির্মাণকাজ শেষ হওয়ার কথা। চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম দেশ রূপান্তরকে বলেন, সরকার সংস্কৃতিচর্চাকে এগিয়ে নিতে দেশব্যাপী নানা উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে এক হাজার আসনের অত্যাধুনিক অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি মাল্টিপারপাস হলে সেমিনার ও সিম্পোজিয়ামসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানও করা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত