সিরিয়াকে বিপদে ফেলে সহসা সেনা প্রত্যাহার করবে না মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিকে আশ্বস্ত করে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন জানিয়েছেন, কিছু শর্ত পূরণ করে তবেই সেনা সরানো হবে।
রোববার ইসরায়েল এবং তুরস্ক সফরে যান বোল্টন। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, উত্তর সিরিয়ায় কুর্দিশ সেনারা নিরাপদে থাকবে এমন নিশ্চয়তা পেতে চায় আমেরিকা। শুধু তাই নয়, আইএস যে সেখানে নির্মূল হয়েছে, সেটিও নিশ্চিত হতে চায় দেশটি।
সিরিয়ার পূর্বাঞ্চলে মার্কিন সেনাবাহিনীর দুই হাজারের বেশি সদস্য মোতায়েন রয়েছে। সেখান থেকে আইএসকে হটাতে তারা স্থানীয় বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সহায়তা দিচ্ছে।
গত জানুয়ারি মাসে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন সিরিয়া নিয়ে নতুন মার্কিন কৌশল ঘোষণা করেন। এরপর সিরিয়া যুদ্ধ থেকে নিজেদের সরিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন ট্রাম্প। টুইটারে সেই ঘোষণাও দেন তিনি।
ট্রাম্পের ঘোষণায় চারদিকে সমালোচনার ঝড় ওঠে। অনেক রাজনীতিক ক্ষুব্ধ হন। এর মধ্যে নিজ দল রিপাবলিকান ও পেন্টগানেরও অনেকে আছেন। এ ঘোষণার পরপরই প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস ও আইএস প্রতিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রধান দূত ব্রিট ম্যাকগার্ক ইস্তফা দেন।
