বকেয়া বেতন-ভাতা, নতুন মজুরি কাঠামো পুনর্গঠন ও বাস্তবায়নের দাবিতে সোমবার দ্বিতীয় দিনের মতো রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।
সোমবার সকালে উত্তরা-৪ নম্বর সেক্টরে চৈতি গার্মেন্টসের সামনে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে।
এসময় তারা সড়ক অবরোধের জন্য জড়ো হতে থাকলে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। এসময় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
রাজধানীর দক্ষিণখান, গাজীপুরের সাইনবোর্ড এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার খবর পাওয়া গেছে।
এছাড়া বিমানবন্দর সড়ক, আজমপুর রেলগেট ও রাজলক্ষ্মী, আব্দুল্লাহপুর, দক্ষিণখানের আশপাশের এলাকায়ও বিক্ষোভ করছেন শ্রমিকরা।
এতে এসব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কে সৃষ্টি হয় তীব্র যানজটের। দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
ডিএমপির উত্তরা বিভাগের বিমানবন্দর জোনের সহকারী কমিশনার (এসি) মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, শ্রমিকদের দাবি স্পষ্ট নয়। তাদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি।
তিনি আরও বলেন, আমরা পোশাক কারখানার মালিক ও শ্রমিক সংগঠনগুলোর নেতাদের সঙ্গেও কথা বলছি।
একই দাবিতে রোববারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করে পোশাক শ্রমিকরা। এতে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধের পাশাপাশি কোথাও কোথাও তীব্র যানজটেরও সৃষ্টি হয়।
