চন্দনাইশের বেহাল দুই সড়কে হাঁটাও দুষ্কর

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ১২:৫৪ এএম

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার দুটি গুরুত্বপূর্ণ সড়ক বেহাল। প্রায় সাত বছর ধরে সংস্কার না হওয়ায় হরিণারপাড়া সড়ক ও সপ্তমপাড়া সড়কের অবস্থা এমন যে গাড়ি চলাচল তো দূরের কথা, হেঁটে চলাচল করাটাও দুষ্কর।

হরিণারপাড়া থেকে দক্ষিণ গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় স্কুলের শিক্ষার্থী ও এলাকার লোকজন পারাপারের জন্য মাটি দিয়ে পাড় বানিয়েছে। এদিকে সপ্তমপাড়া সাহিত্যিক আহমদ ছফা সড়কের বেহাল অবস্থার কারণে এ সড়ক দিয়ে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। দুর্ভোগের বিষয়টি স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন ও উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও স্থানীয় কাউন্সিলরদের জানিয়েও কোনো প্রতিকার পাননি বলে জানায় এলাকাবাসী।

সরেজমিন ঘুরে জানা যায়, এই দুই সড়ক দিয়ে পৌরসভার বুলার তালুক, হরিণারপাড়া, নয়াপাড়া, সাহিত্যিকপাড়া, সর্বল কাজীবাড়ী, ছৈয়দপাড়া, বদলর কলঘর, ফকিরপাড়া, সাতবাড়িয়া, চৌধুরীপাড়া ও চমুদারপাড়ার মানুষ চলাচল করে। এ ছাড়া চট্টগ্রাম শহর ও উপজেলা সদরে যাতায়াতের জন্যও রাস্তা দুটি ব্যবহার করা হয়। গাছবাড়িয়া সরকারি কলেজ, রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, আমানতছফা মহিলা কলেজ, গাছবাড়িয়া সরকারি উচ্চ বিদ্যালয়, মমতাজ বেগম বালিকা বিদ্যালয়, দক্ষিণ গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাশিমপুর মকবুলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা চলাচলের জন্য সড়ক দুটি ব্যবহার করেন। হরিণারপাড়া ও সপ্তমপাড়ার বরুমতি খালের ওপর একটি সেতু থাকলেও সংযোগ সড়কটি খালে বিলীন হয়েছে।

স্থানীয় বাসিন্দা আবদুস ছবুর ক্ষোভ প্রকাশ করে বলেন, পৌরসভার মেয়র হাজার কোটি টাকার উন্নয়নের ঘোষণা দিলেও রাস্তা দুটির কোনো উন্নয়নকাজ এখনো শুরু হয়নি। চলাচলের অনুপযোগী হওয়ায় পৌরবাসীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। চন্দনাইশ পৌরসভার মেয়র মাহাবুবুল আলম খোকা বলেন, পৌরসভার উন্নয়নমূলক কাজের প্রকল্প অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই রাস্তাগুলোর সংস্কারকাজ শুরু হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত