বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম পদ ছাড়ছেন। আকস্মিকভাবেই এ ঘোষণা দেন। শোনা যাচ্ছে, একটি বেসরকারি অবকাঠামো বিনিয়োগ প্রতিষ্ঠানে যোগ দিচ্ছেন তিনি।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানা যায়। সেখানে জানানো হয়, জিমের পদত্যাগ ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।
এক বিবৃতিতে ৫৯ বছর বয়সী জিম বলেন, বিশ্বব্যাংকের মতো একটি অসাধারণ প্রতিষ্ঠানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে পারাটা তার জন্য অসামান্য সম্মানের ব্যাপার।
২০১২ সালের জুলাই থেকে জিম বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছেন।
২০১৭ সালের ১ জুলাই থেকে পাঁচ বছরের জন্য দ্বিতীয় মেয়াদে একই সংস্থার প্রেসিডেন্ট হন তিনি। সে অনুযায়ী, এই দফার মেয়াদ ২০২২ সালে শেষ হওয়ার কথা। কিন্তু মেয়াদ পূর্ণ হওয়ার তিন বছর আগেই সরে যাচ্ছেন তিনি।
এদিকে জিমের স্থলে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন বিশ্বব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস্টালিনা জর্জিয়েভা।
জিমের পদত্যাগের মধ্যে ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিশ্বব্যাংক ভুক্ত অন্য দেশগুলোর মতপার্থক্যের যোগসূত্র আছে বলে অনেকে ধারণা করছেন।
