বরগুনায় বৃদ্ধ লালমনিরহাটে যুবক খুন

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ১২:১১ এএম

বরগুনার পাথরঘাটা ও লালমনিরহাট সদর উপজেলা থেকে দুজনের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া গতকাল নেত্রকোনা থেকে অজ্ঞাত এক তরুণীর মৃতদেহ উদ্ধারের কথা জানায় পুলিশ। প্রতিনিধিদের পাঠানো খবর।

বরগুনা : জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী খাল থেকে গতকাল মঙ্গলবার সকালে আইয়ুব আলী হাওলাদার (৭৫) নামে এক বৃদ্ধের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের বরাত দিয়ে পাথরঘাটা থানার ওসি হানিফ শিকদার জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি আইয়ুব আলী। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি পরিবার। মঙ্গলবার সকালে কাঁঠালতলী খালে তার লাশ দেখে পুলিশে ও তার বাড়িতে খবর দেয় স্থানীয়রা।

পরে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। বৃদ্ধের মাথা ও মুখে কোপের চিহ্ন রয়েছে জানিয়ে ওসি বলেন, কে বা কারা কেন তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

লালমনিরহাট : সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের কিং বিদ্যাবাগিস গ্রামে মঙ্গলবার সকালে রক্তাক্ত অবস্থায় স্বপন (২২) নামে এক যুবকের লাশ উদ্বার করেছে পুলিশ। নিহত স্বপন ওই গ্রামের বাসিন্দা। পুলিশের ধারণা, দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে স্বপনের মৃত্যু হয়েছে। পরিবারের বরাত দিয়ে লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম জানান, গত সোমবার রাতে বাড়ি ফেরেনি স্বপন। মঙ্গলবার সকালে ইয়াকুব নামে এক স্থানীয় কৃষক পার্শ্ববর্তী জমিতে কাজ করতে গিয়ে  স্বপনের লাশ দেখতে পান। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়।

নেত্রকোনা : দুর্গাপুর উপজেলার শ্যামগঞ্জ বিরিশিরি সড়কের শান্তিপুর এলাকায় পাকা রাস্তার ওপর থেকে অজ্ঞাতনামা (২২) তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। দুর্গাপুর থানার (ওসি মিজানুর রহমান দেশ রূপান্তরকে বলেন, মঙ্গলবার সকালে স্থানীয়রা সড়কের ওপর এক তরুণীর লাশ দেখে পুলিশকে জানায়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, রাতে বা সকালের কোনো একসময় ট্রাকচাপায় তার মৃত্যু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত