দেশের তিন জেলায় গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় চার মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় দুজন, ফেনীতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে একজন এবং ঝিনাইদহে একজন রয়েছেন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে :
চাঁপাইনবাবগঞ্জ : জেলা শহরের কল্যাণপুরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন গোমস্তাপুর উপজেলার মিজানুর রহমান পলাশ (৩২) ও কলেজপাড়া মহল্লার মশিউর রহমান পপেল (৩১)। সদর থানার ওসি জিয়াউর রহমান জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলযোগে গোমস্তাপুর থেকে চাঁপাইনবাবগঞ্জে আসছিল পলাশ ও পপেল। কল্যাণপুর হর্টিকালচার সেন্টারের সামনে এলে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।
ফেনী : জেলার ফুলগাজীতে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হাফেজ জাহিদুল ইসলাম (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম ফুলগাজী সদর ইউনিয়নের গাবতলা গ্রামের বাসিন্দা বলে জানান ফুলগাজী থানার এসআই মোশারফ হোসেন।
ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আলী হোসেন (৪৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার শানবান্দা সড়কের মাহমুদপুর বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী হোসেন কালীগঞ্জ উপজেলার গুড়পাড়া গ্রামের মঈজ উদ্দীনের ছেলে। কালীগঞ্জ থানার ওসি ইউনুস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
