নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, পররাষ্ট্রনীতির বিষয়ে সরকারের অনেক রূপরেখা রয়েছে। এবার বাংলাদেশ অর্থনৈতিক কূটনীতিকে প্রাধান্য দেবে।
গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সরকারের রূপরেখা সফল করার জন্য সব দেশের সহযোগিতার লক্ষ্য নিয়ে চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করব আমরা।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করে এসেছি। আমি যখন সরকারি চাকরিজীবী ছিলাম, তখন আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়, আমি সরকারবিরোধী কাজ করছি। তাই তখন ওই দেশে একটা ডিগ্রিতে ভর্তি হয়ে দেশটির সরকারের কাছে নাগরিকত্বের আবেদন করেছিলাম। এখন সেই পরিস্থিতি নেই, তাই আমি নাগরিকত্ব ত্যাগ করে এসেছি।
এম এ মোমেন বলেন, দৃঢ় ভিত্তি, বিশ্বাস ও সার্বভৌমত্বের ভিত্তিতে আমরা বিদেশি বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে অংশীদারিত্ব চাই। রূপরেখা অর্জনের জন্য যে বিনিয়োগ দরকার সেটির ক্ষেত্রে আমরা সহায়ক ভূমিকা পালন করব, অন্যান্য মন্ত্রণালয়কে সহায়তা করব।
আমরা ইতোমধ্যে অর্থনৈতিক কূটনীতির উদ্যোগ নিয়েছি। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব এম শহিদুল হক উপস্থিত ছিলেন।
