অমুসলিমদের নাগরিকত্ব দিতে লোকসভায় বিল পাস

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ০৯:৪৩ এএম

প্রবল বিরোধিতা উপেক্ষা করে ভারতের লোকসভায় পাস হয়ে গেছে নাগরিকত্ব সংশোধনী বিল। বুধবার রাজ্যসভায় বিলটি পেশ করা হবে।

বিলটি চূড়ান্তভাবে পাস হয়ে গেলে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানে ‘অত্যাচারিত’ হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ এবং পার্সিরা ভারতের নাগরিকত্ব গ্রহণ করে সেখানে বসবাস করতে পারবেন।

প্রধান বিরোধী দল কংগ্রেস এবং বামপন্থী দলগুলোসহ ভারতের উত্তরপূর্বাঞ্চলের অধিকাংশ দল এ বিলের বিরুদ্ধে আপত্তি জানিয়েছে। এমনকি উত্তরপূর্বাঞ্চলে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মিত্র দলগুলোও এ বিলের বিরোধিতা করেছে।

তাদের যুক্তি, এ বিল ‘ভারতীয় সংবিধানের মূল ধারার পরিপন্থী’। কেননা ভারতের সংবিধান কখনোই ‘ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব’ সমর্থন করে না।

নাগরিকত্ব বিল নিয়ে মঙ্গলবার চূড়ান্ত রিপোর্ট লোকসভায় পেশ করা হয়। তার ভিত্তিতে ‘সিটিজেনশিপ (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৯’ এদিন লোকসভায় পেশ করে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানে অত্যাচারিত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ, পার্সিদের যাওয়ার জায়গা বলতে ভারত। সেই কারণেই এই সংশোধনী আনা হচ্ছে।’

বিলের বিরোধীরা মূলত বাংলাদেশের হিন্দুদের নিয়ে বেশি চিন্তিত। তাদের আশঙ্কা, ১৯৭১ সালের মতো অনেক হিন্দুই এখন ভারতে আশ্রয় চাইবে।

এই বিলকে ঘিরে বিভিন্ন রাজ্যে ধর্মঘট, বিক্ষোভ হয়। ব্রহ্মপুত্র উপত্যকায় ধর্মঘট জোরালো  হলেও সে পথে হাঁটেনি বাঙালি অধ্যুষিত বরাক উপত্যকা। ত্রিপুরায় বিল বিরোধীরা মারমুখী অবস্থান নেন। তাদের নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়। গুলিতে চার ধর্মঘট সমর্থক আহত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত