রাজধানীর বংশালে এক লন্ড্রির দোকানে সহকর্মীর ধারালো অস্ত্রের আঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার দুপুরে বংশালের সিদ্দিক বাজার এলাকার এ ঘটনা ঘটে। এতে নিহত সৌরভ হোসেন (১৬) চাঁদপুরের হাজীগঞ্জের ওলিপুর গ্রামের মনির হোসেনের ছেলে। নিহত সৌরভের ভগ্নিপতি হাবিবুর রহমান হাবীব দেশ রূপান্তরকে বলেন, সিদ্দিক বাজারের সিটি প্লাজার পেছনে তার লন্ড্রির দোকানে কাজ করত শ্যালক সৌরভ। সেখানকার কর্মচারী ইউনুস (১২) সুতার ‘কাটার’ নিয়ে ‘দুষ্টুমি করতে করতে’ সৌরভের গলায় ঢুকিয়ে দেয়। এতে সৌরভের প্রচুর রক্তক্ষরণ হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসরা মৃত ঘোষণা করেন।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ‘লাশ মর্গে রাখা হয়েছে। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। লাশের ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
বংশাল থানার পরিদর্শক (তদন্ত) মো. কায়কোবাদ কাজী দেশ রূপান্তরকে বলেন, এ ঘটনায় সন্দেহভাজন অভিযুক্ত ইউনুসকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। সৌরভের মা-বাবাকে খবর দেওয়া হয়েছে। তারা থানায় আসার পর মামলা রেকর্ড করা হবে। এদিকে রাজধানীর জুরাইনে একটি বাসা থেকে নদী আক্তার (১৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার স্বামী সাজ্জাদ হোসেন (২০) ট্রাক চালকের সহকারী। পরিবারের বরাত দিয়ে পরিদর্শক বাচ্চু মিয়া জানান, জুরাইনের মাদ্রাসা রোডের দেলোয়ার হোসেনের মেয়ে নদী পরিবারের অমতে আট মাস আগে সাজ্জাদকে বিয়ে করে। তারা জুরাইনের মুরাদপুর এলাকার ২১০ নম্বরে টিনশেড একটি বাসায় ভাড়া থাকত। বুধবার সকালে শাশুড়ি সাজেদার সঙ্গে কথা কাটাকাটি হয় নদীর।
