শাকের চপ
উপকরণ
কয়েক ধরনের শাকের কুচি ৫০০ গ্রাম, মাঝারি আকারের সিদ্ধ আলু ১টি, হলুদগুঁড়ো আধা চা চামচ, কাঁচামরিচ কুচি ২টি, ধনেপাতা কুচি আধা কাপ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, চালের গুঁড়ো ২ টেবিল চামচ, ডিম ১টি, ব্রেডক্রাম্ব ৫০০ গ্রাম, তেল ৩ কাপ, লবণ ১ চা চামচ।
যেভাবে তৈরি করবেন
১. শাকের কুচির সঙ্গে সব মসলা ভালোভাবে মেখে চপের আকারে গড়ে নিন।
২. এবার ডিমের গোলায় চুবিয়ে ব্রেডক্রাম্বে গড়িয়ে ফ্রিজের সাধারণ তাপমাত্রায় দশ মিনিট রেখে দিন।
৩. কড়াইয়ের ডুবোতেলে লালচে করে ভেজে তুলে যেকোনো সসের সঙ্গে পরিবেশন করুন।
তিল ফোড়নে নারিকেল শাক
উপকরণ
গিমা ও সরিষা শাক ২৫০ গ্রাম, তিল আধা চা চামচ, কাঁচা মরিচ বাটা ১ চা চামচ, তেল ২ টেবিল চামচ, নারিকেল কোড়া আধা কাপ, লবণ ১ চা চামচ।
.jpg)
যেভাবে তৈরি করবেন
১. শাক পরিষ্কার করে কেটে ধুয়ে ভাপিয়ে নিন।
২. এবার ফ্রাইপ্যানে তেল দিন। তেল গরম হলে তিলের ফোড়ন দিন। ৩. এবার শাক ও বাকি উপকরণ দিয়ে নাড়ুন। শুকিয়ে এলে নামিয়ে ভাজা তিল ও নারিকেল কোড়া দিয়ে সাজিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
পুঁইফলে চিংড়ি মাছ
উপকরণ
পুঁইফল ১ কাপ, চিংড়ি আধা কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, আদাবাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, হলুদগুঁড়ো ১ চা চামচ, মরিচগুঁড়ো ১ চা চামচ, জিরাগুঁড়ো ১ চা চামচ, তেল ২ টেবিল চামচ, পানি পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন
১. সামান্য লবণ ও হলুদ দিয়ে চিংড়ি মাছ ভেজে নিন।
২. এবার প্যানে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি ও সব মসলা কষান।
৩. মসলা কষানো হলে তাতে পুঁইফল দিয়ে কিছুক্ষণ ভেজে তারপর তাতে পানি দিন।
৪. পুঁইফল সিদ্ধ হয়ে এলে তাতে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দুই মিনিট ঢেকে রেখে নামিয়ে পরিবেশন করুন।
সবজির লাড্ডু
উপকরণ
গাজর কুচি আধা কাপ, বাঁধাকপি কুচি আধা কাপ, ফুলকপি কুচি আধা কাপ, ছানা দেড় কাপ, চিনি দেড় কাপ, মাওয়া আধা কাপ, কনডেন্স মিল্ক আধা কাপ, গুঁড়ো দুধ আধা কাপ, এলাচগুঁড়ো আধা চা চামচ, ঘি ২ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন
১. সবজি কুচি পানিতে সামান্য ভাপিয়ে ঠাণ্ডা করে রাখুন।
২. এবার চিনি ও পানি জ্বাল দিয়ে চিনির সিরা করে নিন।
৩. এর মধ্যে ভাপানো সবজিগুলো দিয়ে ভালোভাবে রান্না করুন।
৪. আঠালো হয়ে এলে পরিমাণমতো ঘি দিয়ে নামিয়ে রাখুন।
৫. এরপর বাকি সব উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে লাড্ডু আকারে গড়ে সাজিয়ে পরিবেশন করুন।
শিমের বিচিতে কই মাছ
উপকরণ
কই মাছ ভাজা ৬টি, শিমের বিচি ২৫০ গ্রাম, আলু ১০০ গ্রাম, হলুদ আধা চা চামচ, মরিচগুঁড়ো আধা চা চামচ, গোটা জিরা সামান্য, পেঁয়াজ বাটা আধা কাপ, জিরাগুঁড়ো আধা চা চামচ, ধনেগুঁড়ো আধা চা চামচ, আদা বাটা আধা চা চামচ, সরিষা তেল আধা কাপ, পানি এক কাপ, লবণ দেড় চা চামচ।

যেভাবে তৈরি করবেন
১. কই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ ও লবণ মাখিয়ে ভেজে রাখুন।
২. ফ্রাইপ্যানে তেল দিয়ে তাতে গোটা জিরার ফোড়ন দিন।
৩. এরপর একে একে সব মসলা দিয়ে তাতে শিমের বিচি ও আলু দিয়ে ভালো করে কষিয়ে নিন।
৪. কষানো হলে এবার পানি দিয়ে দিন।
৫. ফুটে উঠলে এবার আগে থেকে ভেজে রাখা কই মাছ দিয়ে ঢেকে রাখুন।
৬. সিদ্ধ হয়ে পানি কমে এলে নামিয়ে পরিবেশন করুন।
