কাশ্মীরের মুসলমানদের উপর চলমান হত্যাকাণ্ডের প্রতিবাদে ভারতের সিভিল সার্ভিস থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন অঞ্চলটির এক যুবক। শাহ ফায়জাল নামে মেধাবী এ যুবক ২০১০ সালে দেশটির ইউনিয়ন সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম হয়ে সাড়া ফেলে দিয়েছিলেন।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, কাশ্মীরের মুসলমানদেরকে হত্যা এবং হিন্দুত্ববাদীদের দ্বারা তাদের কোণঠাসা হয়ে পড়ার প্রতিবাদে সিভিল সার্ভিস থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা দেন ফায়জাল।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টুইটারে এমনটা জানান তিনি। শুক্রবারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন বলে উল্লেখ করেন ভারতের মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলটির পরিচিত এ মুখ।
ফেসবুকে ফায়জাল লিখেন, ‘কাশ্মীরে চলমান হত্যাকাণ্ড বন্ধে কোনো ধরনের সদিচ্ছা দেখাচ্ছে না কেন্দ্রীয় সরকার। হিন্দুত্ববাদী শক্তির চাপে দেশের ২০ কোটি মুসলিম কার্যত দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত হয়েছে। এর প্রতিবাদে আমি সিভিল সার্ভিসের চাকরি ছেড়ে দিচ্ছি।’
ফায়জালের এ সিদ্ধান্তে দেশজুড়ে আলোচনা সৃষ্টি করে। জাতীয়-স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে উঠে আসেন তিনি।
এদিকে রাজনীতিতে যোগ দেওয়ার প্রতি আগ্রহ প্রকাশ করেছেন ফায়জাল। জানা গেছে, ন্যাশনাল কনফারেন্সে যোগ দেবেন তিনি। ইতোমধ্যে তাকে রাজনীতিতে স্বাগত জানিয়েছেন ন্যাশনাল কনফারেন্স প্রধান ওমর আবদুল্লাহ।
সামাজিক যোগাযোগমাধ্যমে কাশ্মীরের এ রাজনৈতিক নেতা বলেন, ‘কাশ্মীরিদের হত্যার প্রতিবাদে ফায়জালের এমন সিদ্ধান্তকে স্বাগত জানাই। আমলাতন্ত্রের ক্ষতি হলেও রাজনীতির লাভ হল। রাজনীতিতে তাকে স্বাগতম।’
সম্প্রতি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে দেশে ফিরেন ফায়জাল। তরুণ এই আইএএস কর্মকর্তা পোস্টিংয়ের অপেক্ষায় ছিলেন। তবে যুক্তরাষ্ট্রে থাকতেই তিনি কাশ্মীরের উপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ নিয়ে নিয়মিত সমালোচনা করতেন।
এর আগে, ধর্ষণের ঘটনায় বেড়ে যাওয়ায় ভারত ‘রেপিস্তানে’ পরিণত হয়েছে বলে আলোচনায় এসেছিলেন ফায়জাল। এ ছাড়া মোদি সরকারের কড়া সমালোচক ছিলেন তিনি।
