বেসরকারি ব্যাংক মালিকদের সংগঠন বিএবি নেতাদের সঙ্গে বৈঠক

তথ্য যাচাই করে খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা : অর্থমন্ত্রী

আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ০৩:৪১ এএম

ব্যাংক খাতে খেলাপি ঋণ আর বাড়বে না বলে আশ্বস্ত করে নতুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, কেন্দ্রীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ব্যাংক খাতের তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদন দিলে তার ভিত্তিতে তিনি ব্যবস্থা নেবেন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে অর্থমন্ত্রীর দপ্তরে ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (বিএবি) নেতাদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

মুস্তফা কামাল বলেন, ‘বৈঠকে বসার আগেই আমার শর্ত ছিল একটা। কোনো কিছু আলাপ করার আগে আমার এক দফা। আজকের পর থেকে খেলাপি ঋণ এক টাকাও বাড়তে পারবে না। আপনারা কীভাবে বন্ধ করবেন, কীভাবে টেককেয়ার করবেন, কীভাবে ম্যানেজ করবেন আপনাদের ব্যাপার। তারা আমাকে আশ্বস্ত করেছেন। তাই বলছি, আজকের পর থেকে খেলাপি ঋণ বাড়বে না ইনশাল্লাহ।’

তিনি বলেন, ‘ব্যাংক খাত নিয়ে আলোচনা করেছি। তারাই ব্যাংকের মালিক। সবাই প্রায় এসেছেন। তাদের সঙ্গে যেসব আলোচনা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে, আপনাদের কাছ থেকে ব্যাংক খাতের যেসব তথ্য পাওয়া গেছে সেগুলো ভেরিফাই করব, এভালুয়েট করব, মূল্যায়ন করব। এজন্য দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে। এই মূল্যায়ন শেষ হলে আমরা একটি ব্যবস্থায় যাব।’

অর্থমন্ত্রী বলেন, ‘আমরা একটি জায়গায় ঐকমত্যে পৌঁছেছি, মূল যে এলাকা, মূল যে চিন্তা সেটি হচ্ছে ননপারফরমিং লোন। এটি আপনাদের উৎকণ্ঠা, জাতির উৎকণ্ঠা, আমাদের উৎকণ্ঠা এবং আমার উৎকণ্ঠা, তবে আমার উৎকণ্ঠা কিছুটা কম।

কেননা এরই মাঝে আমি দেখেছি যেভাবে যে পরিমাণ পত্রপত্রিকায় লেখা হয়, সে পরিমাণ ননপারফরমিং লোন না। দেশে ননপারফরমিং লোনের হার ১১ থেকে ১২ শতাংশ। ননপারফরমিং লোন কমলে ব্যাংক সুদের হার কমে যাবে, সুতরাং এটা কোনোভাবেই বাড়তে দেওয়া হবে না।’

বৈঠক শেষে বিএবির সভাপতি নজরুল ইসলাম মজুমদার বলেন, ‘আমরা আজ থেকে কোনোভাবেই আর খেলাপি বাড়তে দেব না। একই সঙ্গে যারা ঋণ নিয়ে আর ফেরত দিচ্ছে না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত