কিশোরগঞ্জের বাজিতপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আশরাফ উদ্দিন (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত আশরাফ ডাকাত ও মাদক ব্যবসায়ী ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে জেলার বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের উজানচর বিলেরপাড়ে এ ঘটনা ঘটে। নিহত আশরাফ উদ্দিন ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের মানিকদী দক্ষিণপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে।
কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম এ ঘটনা নিশ্চিত করে জানান, ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আগে থেকে উজানচর এলাকায় অবস্থান নেয়। রাত দুইটার দিকে আনুমানিক ৫-৭ জনের একটি ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে আশরাফ উদ্দিন নিহত হয় এবং অন্যরা পালিয়ে যায়।
আশরাফ উদ্দিনের পাশ থেকে ১টি শটগান, ৫ রাউন্ড কার্তুজ, ২ টি রামদা, ১০০ পিস ইয়াবা ও ১৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পুলিশের দাবি, আশরাফ একজন বড় মাদক ব্যবসায়ী ছিলেন। সে দিনের বেলা মাদক আর রাতের বেলায় ডাকাতি করে আসছিল।
ভৈরব থানায় ওসি মো. মুখলেছুর রহমান জানান, আশরাফের বিরুদ্ধে ভৈরব থানায় একাধিক ডাকাতি ও মাদকের মামলা রয়েছে। আশরাফের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে আনা হয়েছে।
