রাজধানীতে বাণিজ্য মেলা শুরুর পর গতকাল শুক্রবার ছিল প্রথম ছুটির দিন। মেলার প্রথম দুদিন সকালে ফাঁকা থাকলেও গতকাল ছিল ভিন্ন চিত্র। সকাল থেকেই আগারগাঁওয়ের মেলা প্রাঙ্গণে আসতে থাকে ক্রেতা, দর্শনার্থীরা। বেলা বাড়ার সঙ্গে বাড়তে থাকে ভিড়। তবে বিক্রেতারা বলছে, অনেকে মেলায় ভিড় করলেও এখন কেবল পণ্য দেখছে। কয়েক দিন পরেই বেচাকেনা জমবে। গতকাল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার তৃতীয় দিনে এমন চিত্র দেখা যায়।
মেলায় আসা ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, কেউ এসেছে কেনাকাটা করতে, কেউ দেখতে, আবার কেউ শুধুই ঘুরতে। অনেকে এসেছে পরিবার-পরিজন নিয়ে। বাবা-মায়ের সঙ্গে এসেছে শিশুরা। কেউ বন্ধুদের নিয়ে দল বেঁধে ঘুরছে। কেউ কেউ আয়েশ করে তুলছে সেলফি। মৌচাকের বাসিন্দা সাজারী জান্নাত দেশ রূপান্তরকে বলেন, ‘বাণিজ্য মেলা মূলত একটা আকর্ষণ। এখানে অনেক দেশের পণ্য একসাথে পাওয়া যায়। তাই নতুন নতুন অনেক জিনিস কেনা যায়, যা অন্য সময় সম্ভব নয়। আজ শুধু দেখতে এসেছি, কিনব আরও পরে।’ রামপুরা থেকে শিশুপুত্র ও স্ত্রীকে নিয়ে মেলায় এসেছেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মাহিন আহমেদ। তিনি বলেন, ‘ছুটির দিনে ভেবেছিলাম সন্ধ্যায় মেলায় আসব। ছেলের আবদারের কাছে হার মেনে সকালেই এসেছি।’ ধানমন্ডির আসিফ শাহরিয়ার ছোট বোনের পরিবারের জন্য শপিং করতে এসেছেন।
মেলা ঘুরে দেখা গেছে, সব স্টলেই শুরু হয়েছে কমবেশি কেনাবেচা। তবে ঘরের আসবাবপত্র, প্লাস্টিক সামগ্রী, ফাস্টফুড ও আইসক্রিমের দোকানগুলোতেই ভিড় বেশি। বিক্রেতারা বলেছে, এখন বিক্রি হচ্ছে কম। মানুষ শুধু দেখছে। কয়েক দিনের মধ্যে বেচাকেনা বাড়বে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপপরিচালক ও বাণিজ্যমেলার সদস্য সচিব আবদুর রউফ জানান, এবার বাণিজ্য মেলার মূল ফটক তৈরি করা হয়েছে মেট্রোরেলের নকশায়। ফটক থেকে একটু দূরে বসানো হয়েছে ডিজিটাল এক্সিপেরিয়েন্স সেন্টার। চারটি টাচ স্ক্রিন কম্পিউটার রয়েছে এতে। এই সেন্টার থেকে যে স্টল বা প্যাভিলিয়নে যেতে চান তার অবস্থান জেনে নেওয়া যাবে সহজে। বরাবরের মতো রয়েছে ইপিবির তথ্যকেন্দ্র, বিশ্রামস্থল, রক্তদান ও প্রাথমিক চিকিৎসা কেন্দ্র।
মেলা তৃতীয় দিনে গড়ালেও এখনো বেশ কিছু স্টল নির্মাণের কাজ শেষ হয়নি। কাজ শেষ করতে আরও দু-তিন দিন লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এবারের বাণিজ্য মেলায় ২২ দেশের ৫২ প্রতিষ্ঠান অংশ নিয়েছে। দেশগুলো হলো :
থাইল্যান্ড, ইরান, তুরস্ক, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, চীন, মালয়েশিয়া, ভিয়েতনাম, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, হংকং, সিঙ্গাপুর, মারিশাস, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, জার্মানি, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া ও জাপান।
