বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ০১:১৩ এএম

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত হয়েছে। গতকাল শনিবার নওগাঁয় বাসের ধাক্কায় এক কৃষক নিহত হয়। আগের দিন রাতে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী যুবক মারা যান। গতকাল সকালে গাজীপুরে পিকআপ ভ্যান চাপায় পথচারী, হবিগঞ্জে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বিস্তারিত আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

রাজশাহী : নওগাঁয় সড়ক দুর্ঘটনায় এক কৃষক নিহত হয়েছেন। নিহত দুদু মিয়া (৫০) বদলগাছী উপজেলার খোজাগাড়ী গ্রামের মৃত জামাল সোনারের ছেলে। গতকাল শনিবার সকাল ৮টার দিকে ঘটনাটি ঘটে। অন্যদিকে গত শুক্রবার মহাদেবপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হন। শনিবার নওগাঁর পতœীতলা-সাপাহার সড়কের পতœীতলা উপজেলার আদর্শগ্রামের সামনে দ্রুতগামী বাস একটি ব্যাটারিচালিত ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের যাত্রী কৃষক দুদু মিয়া মারা যান। একই ঘটনায় ওই ইজিবাইকের চালক সানোয়ার হোসেন (৪৫) ও যাত্রী আব্দুল্লাহ (৪৮) গুরুতর আহত হন। শুক্রবার বিকেলে নওগাঁর মহাদেবপুরে ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষে মো. রাসেদ (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। আহত হন অপর আরোহী।

গাজীপুর : শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় গতকাল সকালে পিকআপ ভ্যানচাপায়  এক ব্যক্তি মারা গেছেন। নিহত আমজাদ আলী (৫৫) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার চর হোসেনপুর গ্রামের মৃত মীর হোসেনের ছেলে।

মাওনা হাইওয়ে থানার এসআই হরিদাস জানান, আমজাদ আলী গতকাল সকালে তার মেয়েকে কর্মস্থলে পৌঁছে দিয়ে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় ময়মনসিংহগামী একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পুলিশ পিকআপটি আটক করেছে।

হবিগঞ্জ : জেলার ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জে  ট্রাকের ধাক্কায়  দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।  নিহতরা হলেন সাতাইহাল গ্রামের আরজু মিয়ার ছেলে নাঈম আহমেদ (২৬) ও গজনাইপুর গ্রামের মৃত আজমদ মিয়ার ছেলে শিমুল আহমেদ (২৫)। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিনগত গভীর রাতে। পুলিশ সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের দিনারপুর দাখিল মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। রাত ১টার দিকে নাঈম ও শিমুল আইনগাঁও থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত