মানহানির ১১ মামলায় মইনুল হোসেনের জামিন

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ০৯:০৩ পিএম

মানহানির ১১ মামলায় জামিন পেয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। জামিন আবেদনের শুনানি নিয়ে রোববার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিনের এ আদেশ দেন।

আদালতে মইনুলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। সঙ্গে ছিলেন আইনজীবী মো. মাসুদ রানা।

মাসুদ রানা দেশ রূপান্তরকে বলেন, ‘মইনুল হেসেনের বিরুদ্ধে দায়ের হওয়া ১১টি  মামলায় জামিন পেয়েছেন তিনি। পাশাপাশি কয়েকটি মামলায় আমরা স্ট্যান্ডওভার চেয়েছি।’

তিনি বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনে একটি ও মানহানির দুটি মামলাসহ যেগুলোয় স্ট্যান্ডওভার চেয়েছি সেগুলোয় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নেই। তাই আমরা মনে করছি তার কারামুক্তিতে বাধা নেই।’

গত বছরের ১৬ অক্টোবর রাতে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তি করার অভিযোগে মইনুল হেসেনের বিরুদ্ধে ঢাকা ও ঢাকার বাইরে মানহানির মামলা দায়ের হয়। রংপুরে করা মানহানির মামলায় ২২ অক্টোবর রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ঢাকার একটি আদালতে তাকে তোলা হলে জামিনের আবেদন না-মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালতের বিচারক। কয়েক দিন পর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। ওই ঘটনায় মইনুলের বিরুদ্ধে ঢাকাসহ সারাদেশে মানহানির ২০টি ও ডিজিটাল নিরাপত্তা আইনে ২টি মামলা দায়ের হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত