বগুড়া শহরে অবস্থিত জিলা স্কুলের গুদাম ঘরে আগুন লেগে সহস্রাধিক পাঠ্যবই পুড়ে নষ্ট হয়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, সিগারেটের আগুন থেকে বইগুলো পুড়েছে।
বগুড়া জিলা স্কুল ও জেলা শিক্ষা অফিস সূত্র জানায়, রবিবার সন্ধ্যার দিকে হঠাৎ করেই জিলা স্কুলের বইয়ের গুদামে আগুনের সূত্রপাত হয়। ওই আগুনে গুদামে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অষ্টম ও নবম শ্রেণির প্রায় সাড়ে তিন হাজার বই ছিল। এর বেশিরভাড় পুড়ে যায়। সেগুলো ছিল ২০১৮ সালের পাঠ্যবই।
তারা জানায়, ভুল থাকায় গত বছর তা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়নি। সেগুলো রেখে দিয়ে নতুন করে সংশোধিত বই বিতরণ করা হয় শিক্ষার্থীদের মাঝে। জেলা শিক্ষা অফিসের নিজস্ব গুদাম না থাকায় ভুল বইগুলো জিলা স্কুলের গুদাম ঘরে সংরক্ষিত ছিল।
বগুড়া জেলা শিক্ষা অফিসার গোপাল চন্দ্র জানান, জিলা স্কুলের ওই গুদামে প্রায় সাড়ে তিন হাজার বই ছিল। বইগুলোয় রবিবার সন্ধ্যায় হঠাৎ আগুন লাগার সংবাদ আসে।
তিনি জানান, বিষয়টি জানার পর বগুড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ কর্মীরা আগুন নিভিয়ে ফেলে। কেন আগুন লাগল বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।
বগুড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল মতিন জানান, বইগুলো যে কক্ষে রাখা ছিল সেই কক্ষের নিরাপত্তা ব্যবস্থা ছিল না। ওই কক্ষের পেছনের জানালা খোলা পাওয়া গেছে। খোলা জানালা দিয়ে কেউ সিগারেটের আগুন ফেলে। এ কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
তিনি জানান, আগুন নেভাতে পানি ব্যবহার করার কারণে গুদাম ঘরে রাখা সবগুলো বই নষ্ট হয়ে গেছে।
