গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী বাজারে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট অভিযান চালিয়ে ১৬৯টি বিভিন্ন প্রজাতির পাখি জব্দ করেছে। জব্দকৃত পাখিগুলোর মধ্যে রয়েছে টিয়া, ময়না, মুনিয়া, ঘুঘু ও শালিক।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক জানান, গতকাল রবিবার সকালে টঙ্গী বাজারে পাখি বিক্রিকালে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সাত সদস্যের একটি দল অভিযান চালিয়ে ওইসব পাখি জব্দ করে। অভিযান চলাকালে পাখি বিক্রেতারা কৌশলে পালিয়ে যায়।
জব্দকৃত পাখির মধ্যে ৯৫টি তিলা মুনিয়া, ২৫টি কালো মাথা মুনিয়া, ৯টি টিয়া, ৮টি কাঠ শালিক, ৮টি ভাত শালিক, ৫টি ঝুঁটি শালিক, ১৮টি তিলা ঘুঘু ও একটি ময়না রয়েছে।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক ও পরিদর্শক আবদুল্লাহ আল সাদিক জানান, জব্দকৃত পাখিগুলো ঢাকার মিরপুরের বোটানিক্যাল গার্ডেনে ছেড়ে দেওয়া হবে। টঙ্গীবাজারে অভিযানের পর তারা ওই এলাকায় বন্যপ্রাণী আইন নিয়ে একটি গণসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেন।
