সোনারগাঁয়ে মাসব্যাপী লোকজ উৎসব শুরু কাল

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ১২:৫০ এএম

বাংলাদেশের বিলুপ্তপ্রায় লোকজ ঐতিহ্য ও সংস্কৃতিকে পুনরুদ্ধার ও নতুন প্রজন্মের সঙ্গে এসব ঐতিহ্যকে পরিচয় করিয়ে দিতে আগামীকাল মঙ্গলবার থেকে সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে শুরু হচ্ছে মাসব্যাপী লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লোকজ উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

প্রতি বছরের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে এ উৎসব। গতকাল রবিবার দুপুরে লোকশিল্প ফাউন্ডেশনের ডকুমেন্টেশন ভবনের সভাকক্ষে এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ফাউন্ডেশন কর্তৃপক্ষ।

সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন ফাউন্ডেশনের উপপরিচালক মো. রবিউল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ডিসপ্লে কর্মকর্তা এ কে আজাদ সরকার ও ভারপ্রাপ্ত গবেষণা কর্মকর্তা মোজাম্মিল হক প্রমুখ। কবি রবীন্দ্র গোপ বলেন, আমাদের গ্রামবাংলায় ছড়িয়ে  থাকা প্রতিভাবান কারুশিল্পী ও লোকসংগীত শিল্পীদের তাদের নিজ নিজ ক্ষেত্রে প্রতিভা বিকাশ ও প্রকাশের সুযোগ করে দেওয়াই এ উৎসবের অন্যতম উদ্দেশ্য। এবারের উৎসবের মোট বাজেট ধরা হয়েছে ৭০ লাখ টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত