ধারের ২ হাজার টাকা ফেরত চাওয়ায় বন্ধুকে খুন

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ১২:৫১ পিএম

জামালপুরের সরিষাবাড়িতে পাওনা টাকা চাইতে গিয়ে বন্ধুর কুঁড়ালের কোপে খুন হয়েছেন এক এসএসসি পরীক্ষার্থী। রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পোঘলদীঘা ইউনিয়নের রুদ্র বয়ড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত পলাশ মিয়া (১৭) পোঘলদীঘা ইউনিয়নের কান্দারপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনি পোঘলদীঘা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, কান্দারপাড়া গ্রামের পলাশের কাছ থেকে তার বন্ধু পার্শ্ববর্তী রুদ্র বয়ড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে সাগর মিয়া ২ হাজার টাকা ধার নিয়েছিল। রোববার রাত সাড়ে ৮টার দিকে পলাশ তার বন্ধু সাগরের বাড়িতে পাওনা টাকা চাইতে যায়।

এ সময় সাগর টাকা দিতে অস্বীকৃতি জানান। এতে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সাগর কুঁড়াল দিয়ে কুপিয়ে পলাশকে গুরুতর আহত করেন। গুরুতর অবস্থায় পলাশকে সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মহব্বত কবীর জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত