শহীদ মিনারের সংখ্যা জানা নেই জেলা শিক্ষা কর্মকর্তার

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ০১:১১ এএম

শেরপুরের কয়টি মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ মিনার আছে আর কয়টিতে নেই এই তথ্য জানেন না ২০১৬ সালের মার্চ থেকে এ জেলায় কর্মরত শিক্ষা কর্মকর্তা সৈয়দ উদ্দিন। এ বিষয়ে প্রশ্ন করলে তিনি রেগে গিয়ে বলেন, এ তথ্য সরকারের কাছে থাকবে। এটা তার দায়িত্বের বাইরে।

শেরপুর সদর, নকলা, নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলা নিয়ে গঠিত জেলায় ১৮১টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে বেশিরভাগ বিদ্যালয়েই নেই ভাষা শহীদদের স্মরণে কোনো শহীদ মিনার। কিছু বিদ্যালয়ে অস্থায়ীভাবে শহীদ মিনার বানিয়ে দিবসটি পালিত হলেও কোনো কোনো বিদ্যালয়ে দিবসটি পালিত হয় না। শহীদ মিনার নিয়ে প্রতিবেদন করার কথা বললে সৈয়দ উদ্দিন উত্তেজিত হয়ে বলেন, ‘আরে ভাই এসব নিউজ-টিউজ দিয়ে কী হবে?’ আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিদ্যালয়গুলোতে শহীদ মিনার করা শিক্ষা প্রকৌশলীর দায়িত্ব। এ ব্যাপারে আমি কিছু জানি না।’ তিনি আরও বলেন, ‘শহীদ মিনার নির্মাণের জন্য সরকারি কোনো অর্থ বরাদ্দ হয় না। স্থানীয়ভাবে স্কুলের অর্থায়নে ম্যানেজিং কমিটির উদ্যোগে শহীদ মিনার নির্মিত হয়।’

কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাতেগোনা কয়েকটি বিদ্যালয় ছাড়া বেশিরভাগ প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই। চেঙ্গুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজগর আলী দেশ রূপান্তরকে বলেন, বিদ্যালয় প্রাঙ্গণে কোনো শহীদ মিনার না থাকায় প্রতিবছর ভাষা শহীদদের স্মরণে টুকরো কাঠ দিয়ে তৈরি একটি প্রতীকী শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানায় শিক্ষার্থীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত