প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, ‘এখন অনেক শিক্ষিতই বই কেনেন না। অনেকে আবার সংগ্রহে থাকা বইও পড়েন না। দিন দিন বই পড়ার আগ্রহ হারিয়ে যাচ্ছে বলেই যুবসমাজ নানা অপরাধে জড়িয়ে পড়ছে।’ গতকাল সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে সপ্তাহব্যাপী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধান বিচারপতি বলেন, ‘ব্যক্তি এবং পরিবারকে শিক্ষার আলোয় আলোকিত করতে এবং সমাজকে উন্নত করতে বই ও পাঠাগারকে গুরুত্ব দিতে হবে। বই মানুষের জীবনের পরিধি বাড়ায়। বই জ্ঞানার্জনের প্রধান মাধ্যম। জ্ঞানের প্রকৃত ধারক ও বাহন। আসুন সবাই মিলে বই কিনি, বই পড়ি এবং প্রিয়জনকে বই উপহার দিই। বই আমাদের আলোকিত মানুষ হতে সহায়তা করবে।’ আইন শিক্ষার পাশাপাশি বিচারক ও আইনজীবীদের বিজ্ঞান, সাহিত্য, কাব্যসহ নানা বিষয়ে জ্ঞানার্জন করা জরুরি বলেও জানান তিনি।
এ সময় আরও বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সমিতির সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ফিতা কেটে বইমেলা উদ্বোধন করেন এবং মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
