ভোলায় বাস চাপায় মো. তুহিন (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে সদর উপজেলার ইলিশা ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তুহিন ভোলার তজুমদ্দিন উপজেলার সম্ভুপুর ইউনিয়নের আব্দুল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকালে তুহিন তার মায়ের সঙ্গে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে তজুমদ্দিন থেকে স্বপ্নচূড়া (ঢাকা-চ- ১৭৪২) নামের বাসযোগে ইলিশা ফেরিঘাট আসে। ঘাটে এসে বাসটি থামানোর পর তুহিন বাস থেকে নেমে বাসের বক্সে থাকা ব্যাগ বের করতে যায়। এ সময় ড্রাইভার বাসটিকে সামনের দিকে নিলে পাশে দাঁড়িয়ে থাকা লরি ও বাসের মাঝে চাপা পড়ে তুহিন ঘটনাস্থলেই মারা যায়।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. মোক্তার হোসেন বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। বাসটিকে আটক করা হয়েছে।
নিহতের পরিবারের লোকজন আসলে তাদের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এসআই।
