বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ০৩:১৩ পিএম

নীলফামারীর ডিমলা উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে জেলার ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের ভারতীয় সীমান্ত ভুজারীপাড়া বিএসএফ ক্যাম্পের ৪৯১ নম্বর মূল পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত খলিলুর রহমান (২৫) জেলার ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের খালপাড়া  গ্রামের মোকছেদ আলীর ছেলে।

এলাকাবাসী জানায়, মঙ্গলবার ভোরে ওই এলাকায় হঠাৎ করে গুলির শব্দ শোনা যায়। এরপর ভারতীয় অংশে খলিলুর রহমান নিহত হওয়ার খবর আসে। দুপুর পর্যন্ত তার লাশ বিএসএফের হেফাজতে রয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ রংপুর ৫১ সেক্টর ডিমলা পশ্চিম ছাতনাই ইউনিয়নের বালাপাড়া বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মোবারক ইসলাম মঙ্গলবার দুপুরে বলেন, ‘মঙ্গলবার ভোরে অবৈধভাবে ভারতের ভুজারীপাড়া সীমান্তে প্রবেশ করার সময় বিএসএফের গুলিতে খলিলুর রহমান নিহত হন। ঘটনার পর পরই খলিলুরের লাশ ফেরত আনতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের আহ্বান করা হয়। দুপুরে বিএসএফের সঙ্গে বিজিবি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ময়নাতদন্ত শেষে বিকেলের মধ্যে তার লাশ ফেরত দেবে বিএসএফ।’

ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজ উদ্দিন শেখ বলেন, ‘ওই ব্যক্তি কাঁটাতারের বেড়া কেটে ভারতে প্রবেশ করার সময় বিএসএফের গুলিতে নিহত হয়েছে বলে শুনেছি। কি কারণে ভারতে প্রবেশ করছিল সেটি জানা যায়নি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত