বরযাত্রীবাহী মাইক্রোবাস খাদে, নিহত ৫

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ০৪:৪১ পিএম

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া, বরসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় মাইক্রোবাস চালক নবীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার দুপর আড়াইটায় বিজয়নগর উপজেলার ইসলামপুর ইউনিয়নের বীরপাশায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঢাকার খিলগাঁও থানার দক্ষিণ গোড়ান এলাকার নুরজ্জামানের ছেলে হাসান জামান (৩২), একই এলাকার অপু মিয়া (২৫), তার স্ত্রী মিসেস অপু (২২), রিজন সালেইন (২৮) ও পরশ (২৫)। আহতরা হলেন- বর আশরাফুল ইসলাম (২৫), মুনতাসির (৩৫), তাৎক্ষণিকভাবে অপর আহতর নাম পাওয়া যায় নি।

আহতরা জানান, ঢাকার দক্ষিণ গোড়ার থেকে বরযাত্রী নিয়ে সিলেট উপ-শহরে যাওয়ার পথে দুপুরের দিক বীরপাশায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের মাধবপুর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার নাদিরুজ্জামান জানান, এখানে হতাহতদের নিয়ে আসার আগেই চারজনের মৃত্যু হয়। আর হাসপাতালে মারা যায় একজন।

ব্রাহ্মণবাড়িয়া হাইওয়ে পুলিশের ওসি হোসেন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চালকের অবহেলার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা। সে অতি দ্রুত গতিতে চালাতে গিয়ে মাইক্রোবাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে অক্ষত রয়েছে। তাকে গ্রেপ্তার করে হাইওয়ে থানায় পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত