সংক্রামক রোগ প্রতিরোধে যুগান্তকারী উদ্ভাবনের কথা জানিয়েছেন হংকংয়ের বিজ্ঞানীরা। তারা এমন এক রাসায়নিক তৈরির কথা জানিয়েছেন, যা ভাইরাসজনিত প্রাণঘাতী রোগ থেকে রক্ষা করবে।
বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, হংকং বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তারা চলতি মাসে ‘ন্যাচার কমিউনিকেশন্স’ নামের সাময়িকীতে একটি নিবন্ধ প্রকাশ করেন। এতে তারা জানিয়েছেন, ওই রাসায়নিক ‘বিভিন্ন ধরনের ভাইরাসের জীবনচক্র আটকে দিতে যথেষ্ট শক্তিশালী’।
গত সোমবার একাধিক বিজ্ঞানী এএফপিকে বলেন, পরীক্ষামূলক ব্যবহারে টিকে গেলে ব্রড-স্পেকট্রাম অ্যান্টিভাইরাল (বহুমাত্রিক ভাইরাসের বিরুদ্ধে কার্যকর অ্যান্টিবায়োটিক) হিসেবে ব্যবহার করা যাবে রাসায়নিকটি। একই সঙ্গে এখন পর্যন্ত অজানা ভাইরাসের বিরুদ্ধে এটি কাজ করবে।
সাম্প্রতিক দশকগুলোতে ব্লার্ড ফ্লু, মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম (মার্স) ও সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোমের (সার্স) মতো ভাইরাসজনিত রোগ দেখেছে বিশ্ব। মহামারি আকারে ছড়িয়ে পড়া এ ধরনের রোগ প্রতিরোধে নতুন ওষুধের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, যেটি টিকার চেয়ে দ্রুত কাজ করবে। ব্রড-স্পেকট্রাম অ্যান্টিভাইরালকে অলৌকিক ক্ষমতাসম্পন্ন হিসেবে দেখা হয়। দুই বছর ধরে চলা গবেষণায় হংকং বিশ্ববিদ্যালয়ের দলটির উদ্ভাবিত ‘এএম৫৮০’ নামে রাসায়নিকটির পরীক্ষা চালানো হয়েছে ইঁদুরের ওপর। তারা দেখেছেন, এটি এইচ১এন১, এইচ৫এন১, এইচ৭এন৯ এবং সার্স ও মার্সের বিস্তারকারী ভাইরাসের বিস্তার রোধ করতে সক্ষম। একই সঙ্গে এটি মশাবাহিত রোগ জিকা ভাইরাস ও এন্টেরোভাইরাস ৭১ (যা হাত ও মুখের রোগ তৈরি করে)-এর বিরুদ্ধেও কার্যকর।
