কিশোরগঞ্জে শিক্ষক হত্যায় ৯ জনের যাবজ্জীবন

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ০১:৩৬ এএম

কিশোরগঞ্জের হোসেনপুরে স্কুলশিক্ষক সাহেদ আলী হত্যা মামলার ৯ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি সহিদ মিয়াকে বেকসুর খালাস দেওয়া হয়। গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩-এর বিচারক আবু তাহের আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আমিনুল হক, রতন মিয়া, রিপন মিয়া, নুর উদ্দিন, দুলাল মিয়া, মোস্তফা, রাশিদ, আবু সাহিদ ও নূর উদ্দিন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৪ সালের ৪ এপ্রিল বিকেলে হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের বীর হাজীপুর গ্রামের বাসিন্দা স্কুলশিক্ষক সাহেদ আলী রিকশায় করে নিজ বাড়িতে ফিরছিলেন। ওই সময় পূর্বশত্রুতার জেরে একই ইউনিয়নের পিপলাকান্দি গ্রামে নূর উদ্দিনের বাড়ির সামনের রাস্তায় বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় আসামিরা। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সাহেদ আলীকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৪ এপ্রিল তার মৃত্যু হয়। এর আগে নিহতের ছেলে মো. ফরিদ বাদী হয়ে ৯ এপ্রিল ১০ জনকে আসামি করে হোসেনপুর থানায় একটি মামলা করেন। পুলিশ তদন্ত শেষে একই বছরের ১৭ আগস্ট আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্যপ্রমাণ শেষে গতকাল দুপুরে মামলার বিচারক রায় দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত