শ্রীলঙ্কায় তিন বাংলাদেশির কাছ থেকে হেরোইন-কোকেন উদ্ধারের ঘটনায় তথ্য অনুসন্ধানে আজ বুধবার দেশটিতে যাচ্ছে ছয় সদস্যের তদন্তকারী দল। এতে আছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুই কর্মকর্তা, পুলিশের বিশেষ শাখা (এসবি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), র্যাব ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন করে কর্মকর্তা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, র্যাব ও সিআইডি সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শ্রীলঙ্কার কলম্বোতে কয়েক দফা অভিযান চালিয়ে তিন বাংলাদেশি নাগরিকের কাছ থেকে প্রায় তিনশ কেজি হেরোইন ও পাঁচ কেজি কোকেন উদ্ধার করে দেশটির পুলিশ-নারকোটিক্স ব্যুরো (পিএনবি)। পিএনবির কাছ থেকে তথ্য পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সিআইডি ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন জেলা শহরে অভিযান চালিয়ে চয়েজ রহমান নামে একজনকে গ্রেপ্তার এবং মাদক পরিবহনে জড়িত একটি চক্রের সন্ধান পায়। তদন্ত দলের কর্মকর্তারা জানান, শ্রীলঙ্কায় কোকেন ও হেরোইন পাচারে জড়িত একটি বড় চক্রের সন্ধান মিলেছে। প্রাথমিকভাবে চক্রের অন্তত ১০ জনের ব্যাপারে তথ্য পেয়েছেন তারা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (গোয়েন্দা) নজরুল ইসলাম শিকদার দেশ রূপান্তরকে জানান, হেরোইন-কোকেন উদ্ধারের ঘটনায় আরও অনুসন্ধানে আজ সকালে ছয় সদস্যের প্রতিনিধিদল শ্রীলঙ্কা যাচ্ছে। সেখানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে তথ্য সংগ্রহের পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়ে বৈঠকের কথা রয়েছে। সিআইডি কর্মকর্তারা জানান, শ্রীলঙ্কায় জব্দ ২৭২ কেজি হেরোইন ও পাঁচ কেজি কোকেনের চালানে জড়িত বাংলাদেশিদের নাম প্রকাশ হওয়ার পরপরই দুই মাদক কারবারি শেখ মোহাম্মদ আরিফ উদ্দিন (৩৫) ও শেখ আহমেদ হোসেন সুমন দেশ ছেড়ে পালিয়েছে।
×
