সাংবাদিক আমানুল্লাহ কবীর মারা গেছেন

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ০৯:০৮ এএম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সম্পাদক প্রবীণ সাংবাদিক আমানুল্লাহ কবীর মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) হাসপাতালে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে তিনি মারা যান।

ডায়াবেটিস ও লিভারের নানা জটিলতা নিয়ে এই পেশাদার সাংবাদিক বেশ কিছু দিন চিকিৎসাধীন ছিলেন বলে জানান তার ছেলে শাতিল কবীর।

অসুস্থতার কারণে দুই সপ্তাহ আগে শ্যামলীর ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয় আমানুল্লাহ কবীরকে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে এবং পরে বিএসএমএমইউতে নেওয়া হয়।

আমানুল্লাহ কবীর ১৯৪৭ সালের ২৪ জানুয়ারি জামালপুরে জন্মগ্রহণ করেন।

সাড়ে চার দশকের সাংবাদিকতা জীবনে আমানুল্লাহ কবীর বাংলা দৈনিক আমার দেশ, ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফ (বর্তমানে বিলুপ্ত), বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), ইংরেজি দৈনিক ইন্ডিপেনডেন্ট, ইংরেজি দৈনিক ডেইলি স্টারের শীর্ষস্থানীয় ও গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

আমানুল্লাহ কবীর সর্বশেষ ২০১৩ সালের সেপ্টেম্বরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সম্পাদক হিসেবে যোগ দেন।

ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবে সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলনের পাশাপাশি এরশাদের সামরিক শাসনবিরোধী আন্দোলনেও সামনের সারিতে ছিলেন খ্যাতিমান এই সাংবাদিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত