ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা মেয়েদের পোশাকে ছাড়ের ছড়াছড়ি

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ০৪:২৩ এএম

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় দেশীয় ফ্যাশন হাউসগুলোতে চলছে বড় ধরনের মূল্য ছাড়। সালোয়ার-কামিজ, ওড়না, থ্রিপিস, গাউন, স্কার্ফ, হিজাবসহ প্রতিটি পোশাকে অন্তত ২০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছেন বিক্রেতারা। এতে বিক্রিও বেশ জমে উঠছে। গতকাল বুধবার বাণিজ্যমেলার দেশীয় পোশাকের দোকানগুলোতে গিয়ে দেখা যায় প্রায় প্রতিটি স্টলের সামনে লাল কালিতে লেখা বিভিন্ন অফারের স্টিকার।

ছাড়ের ওপর ভিত্তি করে এগুলোর দেওয়া হয়েছে আকর্ষণীয় নামও। যেমন : ধামাকা অফার, কাড়াকাড়ি অফার, গোল্ডেন অফার, সর্বকালের সেরা অফার ইত্যাদি। দেশি পোশাকের প্যাভিলিয়ন গাউছিয়া বিতানের পাঁচ-ছয়জন বিক্রয়কর্মী সমস্বরে স্লোগান দিচ্ছেন ‘একের মাল ২০০, দশের মাল ২০০, কালার ভালো ২০০’ বলে। জানা গেল, তাদের দোকানে মেয়েদের কামিজ ও ওড়না ২০০, দেশি শাল ১৫০, গাউন বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। এ দোকানের বিক্রয়কর্মী ফারুক বলেন, ছাড় দেওয়ায় বেচাবিক্রি বেশ ভালো হচ্ছে। প্রতিদিন বিক্রি হচ্ছে প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকার মালামাল। সামনে আরও হবে বলে আশা তার।

প্রায় একই চিত্র নিউ ফ্যাশন হাউসেও। তারা একটি কামিজ বিক্রি করছে ২০০, ওড়না ১০০ টাকায়। মেয়েদের বিভিন্ন আকারের ব্যাগ ১৫০ টাকায় বিক্রি করছে। বিক্রয়কর্মী নাহিদ হাসান বলেন, সন্ধ্যায় ক্রেতাদের চাপে দোকানে পা রাখার জায়গা থাকে না। তবে যেভাবে লোকজন আসছে তার তুলনায় বিক্রি একটু কম। মোহাম্মদপুরের শাকিলা ফারজানা বলেন, মেলার শুরু দিক হিসেবে যে ছাড় পাওয়া যাচ্ছে তা বেশ ভালো। মূল্য ছাড়ের দিক থেকে মেয়েদের পোশাকই বাণিজ্যমেলায় এগিয়ে বলে মনে করেন এ তরুণী।

বাণিজ্যমেলার তদারক প্রতিষ্ঠান রপ্তানি উন্নয়ন ব্যুরো সচিবালয়ের সামনে মেয়েদের পোশাকের বিশাল ফ্যাশন হাউস দিয়েছে নিউ নবরূপা টেক্সটাইল। তাদের স্টলে বড় করে লেখা ‘সর্বকালের সেরা অফার’। এ বিষয়ে জানতে চাইলে দোকানের কর্মী রহমত আলী জানান, এক সেট তাঁতের থ্রিপিস ৪৫০ টাকা, ৩ সেট ৯৯৯ টাকা। জর্জেট থ্রিপিস ৬০০, এক সেট লোন থ্রিপিস ৫৫০ এবং তিন সেট একসঙ্গে ১ হাজার ২০০ টাকা। এ ছাড়া গাউন, সুতি লোনসহ সব ধরনের পোশাকে ছাড় দেওয়া হয়েছে অন্তত ৩০০ টাকা পর্যন্ত।

বাণিজ্যমেলায় মেয়েদের পোশাকে বাহারি সব ডিজাইন নিয়ে এসেছে রংবেরং টেক্সটাইল। তারা দেশি পোশাকের পাশাপাশি ভারত ও পাকিস্তান থেকে পোশাক আমদানি করেছে। তাদের দোকানে এক সেট বার্মিজ থ্রিপিস ৫৯৯ টাকা, তিন সেট একসঙ্গে নিলে ১ হাজার ২০০ টাকা। এ ছাড়া কটন, জর্জেট, জামদানি থ্রিপিস, পাকিজা থ্রিপিস, ইন্ডিয়ান রিভা, ঋষিকা ও আর্দি বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত