সরকারি স্কেলে বেতন-ভাতা দেওয়াসহ ১০ দফা দাবিতে রাজধানীর আদাবর এলাকায় বিক্ষোভ করেছে ‘ডায়নামিক ফ্যাশন’ নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। আদাবর থানার ওসি কাওসার আহমেদ দেশ রূপান্তরকে বলেন, ‘শ্রমিকরা সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে দ্রুত মালিকপক্ষকে খবর দেওয়া হয়। আমার উপস্থিতিতে মালিকপক্ষের লোকজন শ্রমিকদের দাবিদাওয়া মেনে নেওয়ার আশ্বাসে দুপুর ১২টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ ফোর্স মজুদ ছিল। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’
অবরোধকারী শ্রমিকদের ১০ দফা দাবির মধ্যে সরকারি স্কেল অনুযায়ী বেতন ও ওভারটাইম, প্রতিমাসে সাত তারিখের মধ্যে ওভারটাইমের অর্থসহ বেতনভাতা পরিশোধ, কোম্পানির প্রয়োজনে অফিস বন্ধ রাখলে ওভারটাইমের টাকা না কাটা, বার্ষিক ছুটির টাকা, মাতৃত্বকালীন টাকা, ঈদে শত ভাগ বোনাস দেওয়ার মতো বিষয়গুলো রয়েছে।
