চলচ্চিত্রকার আলমগীর কবিরের প্রয়াণের ৩০ বছর উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী, ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি ও বাংলাদেশ ফিল্ম স্কুল। আগামী ১৮ থেকে ২০ জানুয়ারি ২০১৯, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার ইন্টারন্যাশনাল ডিজিটাল কালচারাল আর্কাইভ ও সেমিনার কক্ষে কর্মসূচিগুলো অনুষ্ঠিত হবে।
১৮ জানুয়ারি, শুক্রবার, বিকাল ৩টায় শুরু হবে দুই দিনব্যাপী ‘আলমগীর কবিরের চলচ্চিত্র ও চিন্তা অধ্যয়ন কর্মশালা’। কর্মশালায় পাঠদান করবেন চলচ্চিত্র সমালোচক ও লেখক মাহমুদুল হোসেন। কর্মশালা সমন্বয় করবেন চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুন। কর্মশালা শেষ হবে ১৯ জানুয়ারি। পরদিন ২০ জানুয়ারি, রবিবার সন্ধ্যা ৬টায় শুরু হবে ‘আলমগীর কবির স্মরণ ও স্মৃতি বক্তৃতা’। আলোচনা করবেন চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম এবং আলমগীর কবির স্মৃতি বক্তৃতা প্রদান করবেন চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেল। আলমগীর কবিরের চলচ্চিত্র ও চিন্তা অধ্যয়ন কর্মশালা এবং আলমগীর কবির স্মৃতি বক্তৃতা আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে। কর্মসূচিতে অংশগ্রহণ করতে হলে আগ্রহীজনের নাম, বয়স ও পেশা লিখে এমএমএস করতে হবে নিম্নলিখিত ফোন নম্বরে ০১৯১২২৩১৭৮৫, ০১৭১১৭৮৪৭০৬।
উল্লেখ্য চলচ্চিত্রকার, বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, লেখক ও মুক্তিযোদ্ধা আলমগীর কবির। স্বাধীনতা-উত্তর বাংলাদেশের চলচ্চিত্র সংস্কৃতিতে সবচেয়ে প্রভাবশালী চলচ্চিত্র ব্যক্তিত্ব। ১৯৮৯ সালের ২০ জানুয়ারি দুর্ঘটনায় আলমগীর কবির প্রয়াত হন।
