ভেজালবিরোধী অভি

যান ৯ জনের জেল, আট লাখ টাকা জরিমানা

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ০৪:৪২ এএম

খাদ্যে ভেজালবিরোধী অভিযানে ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার ঢাকার দুই সিটি করপোরেশনে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় প্রায় আট লাখ টাকা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) চারটি অঞ্চলে অভিযানে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিনে রাজধানীর বনানী ও গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অভিযানে দুটি রেস্তোরাঁ এবং একটি বেকারিকে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

গত রবিবার থেকে শুরু হওয়া ডিএসসিসির অভিযানে গতকাল পর্যন্ত মোট ২৭ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায়। চতুর্থ দিনের অভিযানে গুলিস্তানের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাতজনকে কারাদণ্ড এবং ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মা ফাতেমা বাগদাদ হোটেলের সাজাহানকে তিন দিন, রহিম হোটেলের রুস্তমকে তিন দিন, বিসমিল্লাহ হোটেলের মো. শাহজানকে এক দিন, সরকারি পরিবহন পুল কেন্টিনের আবদুস সাত্তারকে এক দিন এবং ফুটপাতে শরবত বিক্রেতা ফয়সাল, ছমির ও রাজুকে এক দিন করে কারাদণ্ড দেন ম্যাজিস্ট্রেট। দরবার-এ মোগল রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া রাজধানীর পোস্তা ও ইসলামবাগ, কাজী আলাউদ্দিন রোড, দোলাইরপাড় এলাকায় অভিযান চলে।

ডিএনসিসির অভিযান : গতকাল দুপুরে গুলশানে কোরিয়ানা রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ডিএনসিসির ভারপ্রাপ্ত মেয়র মো. জামাল মোস্তফা জানান, ‘নিরাপদ খাদ্য’ ও ‘নিরাপদ সড়ক’ নিশ্চিত করার লক্ষ্যে অভিযান জোরদার করবেন তারা। ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ এবং প্যাকেটে মেয়াদ না থাকায় কোরিয়ানা রেস্টুরেন্টকে তিন লাখ, পিএইচও-১০১ রেস্টুরেন্টকে ১ লাখ ৫০ হাজার এবং বনানীর বন্ড বেকারিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত