ভারতের কথিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির বিশেষ সিবিআই কোর্ট। ২০০২ সালে সাংবাদিক রামচন্দ্র ছত্রপতিকে খুন করার অপরাধে বৃহস্পতিবার এই সাজা ঘোষণা করা হয়।
রাম রহিম ছাড়াও তার তিন শিষ্যকে একই সাজা দেয়া হয়েছে। তারা হলেন নির্মল সিং, গুরুদ্বীপ সিং এবং কৃষাণ লাল।
এর আগে ২০১৭ সালের ২৫ আগস্ট দুই নারী ভক্তকে ধর্ষণের অভিযোগে করা দুটি মামলায় দোষী সাব্যস্ত করা হয় রাম রহিমকে। সেই মামলায় ২০ বছরের সাজা খাটছেন তিনি।
রাম রহিমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়িকে চিঠি লিখেছিলেন সাধ্বীরা। সেই চিঠি নিজের পত্রিকায় ছাপান সাংবাদিক রামচন্দ্র। ১৭ বছর আগে নিজ বাসভবনের সামনে গুলি করে খুন করা হয় তাকে।
রাম রহিম তার ডেরায় থাকা কমপক্ষে দুই হাজার নারীকে ধর্ষণ করেছেন বলে শোনা যায়!
নির্যাতিতাদের দাবি, রাম রহিমের বিলাসবহুল ডেরার ভেতর গোপন গুহা বা যৌন গুহা ছিল। সেই গুহার খোলা জানালা দিয়ে ডেরার মেয়েদের দেখে দেখে পছন্দ করতেন তিনি। তারপর পছন্দের মেয়েকে নিয়ে ধর্ষণ করতেন। ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হলে মেয়েদের জোর করে গর্ভপাত করাতেন।
ডেরার এ রকম হাজারো মেয়ের গর্ভপাত করানো হয়েছে। প্রথম দিকে পাঞ্জাবের বাথিন্ডার বিভিন্ন এলাকায় গর্ভপাত করানো হতো। পরে রাম রহিম নিজেই তার ডেরার ভেতর হাসপাতাল চালু করে গর্ভপাত করাতেন।
